অবসরের পর লাখ টাকার টেনশন শেষ! LIC-এর এই স্কিমে ১০ লাখ রাখলেই আজীবন নিশ্চিত আয়!

চাকরিজীবীদের জীবনের অন্যতম প্রধান চিন্তা হলো অবসরের পর নির্দিষ্ট ও নিরাপদ আয়ের সংস্থান রাখা। বিশেষ করে যাঁরা অবসরকালীন সময়ে এককালীন ভালো অঙ্কের ফান্ড বা গ্যাচুইটির অর্থ হাতে পান, তাঁদের সেই অর্থের সঠিক বিনিয়োগ নিয়ে দ্বিধায় পড়তে হয়। প্রবীণ নাগরিকদের সেই আর্থিক উদ্বেগ কাটাতে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) নিয়ে এসেছে একটি আকর্ষণীয় স্কিম, যার নাম ‘LIC Smart Pension Plan’। এই প্রকল্পে মাত্র একবার একটি নির্দিষ্ট অর্থ জমা করলেই সারা জীবন নিশ্চিন্তে অ্যানুইটি বা পেনশন পাওয়ার সুবিধা রয়েছে।
এলআইসির প্রকাশিত নমুনা হিসাব অনুযায়ী, ৬০ বছর বয়সি কোনো গ্রাহক যদি এই প্রকল্পে ১০ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করেন, তবে তিনি পছন্দসই বিকল্প অনুযায়ী বছরে ৮৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। অর্থাৎ প্রতি মাসে নির্দিষ্ট হারে আয় বজায় থাকবে সম্পূর্ণ ঝুঁকিহীনভাবে। তবে গ্রাহক ঠিক কোন বিকল্পটি বেছে নিচ্ছেন, তার ওপর ভিত্তি করেই পেনশনের চূড়ান্ত অঙ্ক নির্ধারিত হয়।
মূলত এটি এলআইসির একটি ‘ইমিডিয়েট অ্যানুইটি প্ল্যান’ (Immediate Annuity Plan)। অর্থাৎ এখানে মিউচুয়াল ফান্ড বা এসআইপির মতো প্রতি মাসে কিস্তিতে অর্থ জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এককালীন টাকা জমা দেওয়ার পর থেকেই শুরু হয়ে যায় পেনশন। গ্রাহকরা চাইলে মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক অথবা বার্ষিক ভিত্তিতে এই পেনশনের অর্থ তুলতে পারেন। এছাড়া একক ব্যক্তি (Single Life) অথবা দম্পতিদের জন্য (Joint Life) যৌথ অ্যানুইটির সুবিধাও এতে রাখা হয়েছে।
এই প্রকল্পের অন্যতম বড় বৈশিষ্ট্য হলো নির্দিষ্ট মেয়াদের অ্যানুইটি গ্যারান্টি। এতে বিমাগ্রাহকরা ৫, ১০, ১৫ এবং ২০ বছরের নিশ্চিত অ্যানুইটি বিকল্প (B1, B2, B3, B4) বেছে নিতে পারেন। এর অর্থ হলো, নির্দিষ্ট মেয়াদের পর গ্রাহক জীবিত থাকলেও আজীবন এই পেনশন পেতে থাকবেন। ১৮ বছর বয়স থেকেই এই স্কিমে প্রবেশের সুযোগ রয়েছে, যা সাধারণ প্রবীণ নাগরিকদের পাশাপাশি তরুণ চাকরিজীবীদেরও ভবিষ্যতের ভিত শক্ত করতে সাহায্য করবে। তবে এটি ব্যাংকের স্থায়ী আমানত (FD) নয়, তাই করের নিয়ম ও শর্তাবলী ভালো করে জেনেই বিনিয়োগ করা উচিত।