গরমে হাঁসফাঁস জীবন, ট্যালকম পাউডার নিয়ে শঙ্কা

ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। ছোট থেকে বৃদ্ধ সকলেই এই গরমে নানা রকম ত্বকের সমস্যায় ভুগছেন। এই সময় র‍্যাশ, চুলকানি এবং ঘামাচির মতো সমস্যা যেন ঘরে ঘরে। এই অস্বস্তি থেকে মুক্তি পেতে অনেকেই ভরসা রাখেন ট্যালকম পাউডারের উপর। তবে চর্ম বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তাঁদের মতে, ট্যালকম পাউডার ত্বকের এবং শরীরের জন্য নানা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। তাই এই পাউডার ব্যবহার না করাই ভালো।

সম্প্রতি আমেরিকান ক্যান্সার সোসাইটি একটি উদ্বেগজনক তথ্য জানিয়েছে। তাদের গবেষণা অনুযায়ী, ট্যালকম পাউডার ডিম্বাশয় বা ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। সেখানে আরও বলা হয়েছে, যদি ট্যালকম পাউডারে অ্যাসবেস্টসের মতো ক্ষতিকর উপাদান থাকে এবং তা নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে, তাহলে ফুসফুসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে।

গরমের এই অসহ্য ঘাম এবং চুলকানি থেকে মুক্তি পেতে বাজারের রাসায়নিক পাউডার ব্যবহার না করে, ঘরেই তৈরি করে নেওয়া যেতে পারে প্রাকৃতিক ট্যালকম পাউডার। জেনে নিন সেই সহজ উপায়-

ঘরে প্রাকৃতিক ট্যালকম পাউডার বানানোর জন্য প্রয়োজনীয় উপকরণগুলি হল – আধা কাপ কর্নস্টার্চ, আধা কাপ মুলতানি মাটি এবং এক চা চামচ করে ক্যামোমিল ফুলের গুঁড়ো ও নিমপাতা গুঁড়ো। এই সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার ঘাম তাড়ানোর প্রাকৃতিক পাউডার।

ট্যালকম পাউডারের ব্যবহার এড়িয়ে চলতে আরও কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে। অতিরিক্ত ঘাম এড়াতে আরামদায়ক এবং পরিষ্কার সুতির পোশাক পরিধান করা জরুরি। সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে অথবা খোলামেলা হাওয়ায় থাকার চেষ্টা করুন। এতে শরীরে ঘাম কম হবে। তবে নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে প্রাকৃতিক উপাদানে তৈরি এই ঘরোয়া ট্যালকম পাউডার। শিশুদের শরীরেও এই পাউডার ব্যবহার করা নিরাপদ। শরীরের যে অংশে বেশি ঘাম হয়, সেখানে এই পাউডার ব্যবহার করলে আরাম পাওয়া যায় এবং ঘাম ও চুলকানিও দূর হয়।