গরমকালে এসি ব্যবহারের আগে সতর্কতা, না হলেই বড় বিপদ!

গরমের তীব্র দাবদাহে অনেকেই এসি ছাড়া এক মুহূর্তও ভাবতে পারেন না। যখন চরম গরমে নাজেহাল অবস্থা, তখন এসির শীতল হাওয়া যেন একমাত্র আশ্রয়। তবে এসি ব্যবহারের আগে কিছু সতর্কতা অবলম্বন না করলে বড় বিপদের সম্ভাবনা রয়েছে। ভুল করেও কিছু ভুল করলে তা আপনার জীবনকেই হুমকির মুখে ফেলতে পারে। তাই সতর্ক থাকা জরুরি।
এসি চালানোর আগে যেসব সতর্কতা মানতে হবে:
১. স্টেবিলাইজার ব্যবহার করুন:যদি আপনার এলাকায় ঘন ঘন বিদ্যুৎ চলে যায়, তাহলে এসির জন্য একটি ভালো মানের স্টেবিলাইজার ব্যবহার করুন। এটি এসিকে বৈদ্যুতিক ক্ষতি থেকে রক্ষা করবে এবং এর কার্যকারিতা বাড়াবে।
২. এসির সার্ভিস করিয়ে নিন:যেহেতু বেশ কয়েক মাস এসি বন্ধ থাকে, তাই এটি চালানোর আগে সার্ভিস করানো অত্যন্ত জরুরি। সার্ভিস ছাড়া এসি চালালে সেটির কার্যকারিতা কমে যেতে পারে এবং বড় কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে।
৩. বৈদ্যুতিক তার পরীক্ষা করুন:এসির বৈদ্যুতিক তারগুলো সুরক্ষিত অবস্থায় আছে কিনা দেখে নিন। অনেক সময় দীর্ঘদিন এসি বন্ধ থাকলে ইঁদুর বা পোকামাকড় তার কেটে ফেলতে পারে, যা শর্ট-সার্কিট এবং আগুন লাগার সম্ভাবনা বাড়ায়।
৪. কম্প্রেসার, ফ্যান ও ক্যাপাসিটারের অবস্থা পরীক্ষা করুন:এসির কম্প্রেসার, ফ্যান ও ক্যাপাসিটার ঠিকঠাক কাজ করছে কিনা তা নিশ্চিত করুন। এগুলোতে সমস্যা থাকলে এসি বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে।
৫. গ্যাস লিকেজ পরীক্ষা করুন:যদি আপনি স্প্লিট বা উইন্ডো এসি ব্যবহার করেন, তবে গ্যাস লিকেজের কোনো সমস্যা আছে কিনা তা আগে দেখে নিন। গ্যাস লিকেজ থাকলে এসি পর্যাপ্ত শীতল বাতাস সরবরাহ করতে পারবে না।
৬. এসির ওপর অতিরিক্ত চাপ দেবেন না:আপনার এসির অতিরিক্ত চাপ কমাতে টার্বো মোড ব্যবহার করতে পারেন। এটি ঘর দ্রুত ঠান্ডা করবে এবং বিদ্যুৎ বিলও কম আসবে।
৭. একটানা এসি ব্যবহার করবেন না:একটানা দীর্ঘ সময় ধরে এসি ব্যবহার করা উচিত নয়। নির্দিষ্ট বিরতি দিয়ে এসি ব্যবহার করুন এবং নিয়মিত সার্ভিস করান। একটানা ব্যবহারে এসির যান্ত্রিক ত্রুটি হতে পারে এবং এটি বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়।
গরমের তাপদাহে এসি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা উচিত। এসি ব্যবহারের আগে এই সতর্কতাগুলো মেনে চললে বড় বিপদ এড়ানো সম্ভব।