খুশকির জ্বালায় জেরবার? লেবুর এই ঘরোয়া টোটকাতেই মিলবে মুক্তি!

লেবু শুধু খাবারের স্বাদ বৃদ্ধিতেই সীমাবদ্ধ নয়, রূপচর্চায়ও এর গুণাগুণ অসীম। ত্বক পরিচর্যার পাশাপাশি চুলের বিভিন্ন সমস্যা সমাধানেও লেবু একটি কার্যকরী উপাদান। খুশকি একটি সাধারণ সমস্যা যা বহু মানুষকে ভোগান্তিতে ফেলে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চুলের সঠিক যত্ন না নিলে অথবা পরিবেশ দূষণের কারণে চুলে খুশকি দেখা দিতে পারে। এই বিরক্তিকর সমস্যা থেকে মুক্তি দিতে পারে অতিপরিচিত লেবু। আসুন জেনে নেওয়া যাক, কীভাবে লেবু ব্যবহার করে খুশকি দূর করা সম্ভব:

১. লেবু ও দই:

খুশকি তাড়ানোর জন্য দই ও লেবুর মিশ্রণ অত্যন্ত উপকারী। দুই চা চামচ টক দই, এক চা চামচ লেবুর রস এবং এক চা চামচ মধু ভালোভাবে মিশিয়ে মাথার ত্বকে লাগান। ২০ মিনিট রেখে দেওয়ার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা খুশকি দূর করতে এই ঘরোয়া পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেন।

২. লেবু ও অ্যালোভেরা:

স্বাস্থ্য সচেতন অনেকেই চুলের খুশকি দূর করতে অ্যালোভেরা ও লেবুর ব্যবহার করে থাকেন। দুই চা চামচ অ্যালোভেরার রস এবং দুই চা চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে আলতোভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি মাথার ত্বককে ঠান্ডা রাখে এবং খুশকি কমাতে সাহায্য করে।

৩. লেবু ও আমলকি:

খুশকি দূর করতে আমলকি ও লেবু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক বিশেষজ্ঞ এই দুটি উপাদান ব্যবহার করে খুশকি নিরাময়ের কথা বলেন। দুই চা চামচ লেবুর রসের সঙ্গে দুই চা চামচ আমলকির রস মিশিয়ে চুলের গোড়ায় ভালোভাবে লাগান। আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। আমলকির অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি কমাতে সহায়ক।

এই ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং পেতে পারেন স্বাস্থ্যোজ্জ্বল চুল। তবে, যদি খুশকির সমস্যা অতিরিক্ত হয়, তবে একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।