কিডনি ভালো রাখতে চান? তাহলে এড়িয়ে চলুন এই ৫টি খাবার!

কিডনিতে পাথরের সমস্যা এখন যেকোনো বয়সেই দেখা দিতে পারে। অস্বাস্থ্যকর জীবনযাপন, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত জল পান না করার মতো নানা কারণে এই সমস্যা বাড়ছে। কিডনি মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা একদিকে দেহের বর্জ্য পদার্থ পরিশোধিত করে, অন্যদিকে বিভিন্ন খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতেও সহায়তা করে।

তবে কিডনির অসুখ অনেক দেরিতে ধরা পড়ে। প্রায়শই একটি কিডনি বিকল হয়ে গেলেও অন্যটি দিয়ে কাজ চলতে থাকে, ফলে ক্ষতি সম্পর্কে আগে থেকে ধারণা করা যায় না। কিডনির প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত না হওয়া পর্যন্ত অনেকেই এই বিষয়ে সচেতন হন না। তাই কিডনি ভালো রাখতে খাদ্যাভ্যাসের বিষয়ে বিশেষ সচেতন থাকা জরুরি। চলুন জেনে নেওয়া যাক, কিডনি সুস্থ রাখতে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন:

১. মুলোর শাক
এই তালিকার প্রথমেই বাদ যাবে মুলোর শাক। এতে প্রচুর পরিমাণে অক্সালেট রয়েছে। অক্সালেট কিডনিতে পাথর তৈরি করে। তাই মুলোর শাক বেশি না খাওয়াই ভালো।

২. ঠাণ্ডা পানীয় ও প্যাকেটজাত ফলের রস
ঠাণ্ডা-পানীয়, প্যাকেট-বন্দি ফলের রস এবং অতিরিক্ত চিনি দেওয়া পানীয় কিডনির স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এগুলো কিডনিতে পাথর তৈরি করতে পারে, তাই এই ধরনের পানীয় এড়িয়ে চলা প্রয়োজন।

৩. অতিরিক্ত লবণ
যদি পরিবারের কারও কিডনিতে পাথরের সমস্যা থাকে, তাহলে আপনাকে আরও বেশি সাবধান হতে হবে। সে ক্ষেত্রে প্রথমেই লবণ খাওয়ার পরিমাণ কমাতে হবে, বিশেষ করে কাঁচা লবণ একেবারেই এড়িয়ে চলুন। অতিরিক্ত লবণ কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ায়।

৪. প্রয়োজনের অতিরিক্ত চা বা কফি
প্রয়োজনের অতিরিক্ত কফি বা চা পান করাও কিডনির জন্য ভালো নয়। দিনে এক থেকে দুই কাপ পর্যন্ত ঠিক আছে। কিন্তু দীর্ঘ দিন এর চেয়ে বেশি চা বা কফি খেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বাড়ে।

৫. অত্যধিক ভাজাভুজি
অত্যধিক পরিমাণে ভাজাভুজি খাওয়ার অভ্যাস কিডনিতে পাথর জমার অন্যতম কারণ হতে পারে। এই ধরনের খাবারে ফ্যাট এবং সোডিয়াম বেশি থাকে, যা কিডনির ওপর চাপ সৃষ্টি করে। তাই যথাসম্ভব এই ধরনের খাবার থেকে দূরে থাকাই ভালো।

কিডনির স্বাস্থ্য রক্ষায় এই খাবারগুলো এড়িয়ে চলার পাশাপাশি পর্যাপ্ত জল পান করা এবং নিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা অত্যন্ত জরুরি।