কথায় আছে, মানুষ চেনা বড় কঠিন। যাকে জীবনের সবটা ভেবে আঁকড়ে ধরা হয়, অনেক সময় সেই মানুষটিই সবচেয়ে বড় আঘাতের কারণ হয়ে দাঁড়ায়। প্রেমের সম্পর্কেও এই তিক্ত সত্যটি বারবার ধরা দেয়। অনেক ক্ষেত্রে দেখা যায়, সঙ্গী আপনাকে নয়, বরং আপনার অর্থ বা সামাজিক সম্মানকেই বেশি ভালোবাসে। বিপদের সময় বা আর্থিক সংকট দেখা দিলেই প্রকাশ্যে চলে আসে তার আসল রূপ। তাই ভুল সম্পর্কের জালে পা দেওয়ার আগেই জেনে নিন, আপনার সঙ্গী সত্যিই আপনার যোগ্য কি না।
সঙ্গীর মনে অর্থের লোভ আছে কি না, তা বোঝার কিছু সহজ উপায় রয়েছে:
১. আপনার বেতনের অঙ্ক বা আর্থিক অবস্থা নিয়ে কি সে অতিরিক্ত কৌতূহলী? পেশা নিয়ে স্বাভাবিক আগ্রহ এক কথা, কিন্তু আয়ের হিসাব নিয়ে অহেতুক টানাপোড়েন কখনোই ইতিবাচক নয়।
২. সম্পর্কের খরচ কি সবসময় আপনাকেই বহন করতে হয়? দুজনে উপার্জন করলেও যদি সম্পর্কের পুরো অর্থনৈতিক ভার আপনার ওপর চাপানো হয়, তবে তা স্পষ্টত সুবিধার সম্পর্ক।
৩. উপহার বা খরচের ওপর কি তার ভালোবাসার প্রকাশ নির্ভর করে? টাকা খরচ করলেই অতিরিক্ত আবেগ আর অর্থের অভাবে মানসিক দূরত্ব বা চাপ সৃষ্টি করা স্পষ্ট ইঙ্গিত যে, তার ভালোবাসা শর্তাধীন।
৪. দীর্ঘ সম্পর্কে থেকেও যদি বিয়ের কথা বললেই সঙ্গী পিছিয়ে যায়, তবে বুঝতে হবে সে শুধু সুবিধা নিতেই আপনার পাশে আছে।
ভালোবাসার নামে প্রতারণার শিকার না হয়ে সময় থাকতেই সঙ্গীর উদ্দেশ্য সম্পর্কে সচেতন হোন। কারণ, খাঁটি ভালোবাসা অর্থের ওপর নির্ভর করে না।





