থাইরয়েড রোগের প্রভাব পড়তে পারে চোখেও, জেনে নিন লক্ষণ ও করণীয়

থাইরয়েড গ্রন্থি মানবদেহের একটি গুরুত্বপূর্ণ অংশ। গলার সামনের দিকে প্রজাপতির আকারের এই ছোট গ্রন্থিটি শরীরের বৃদ্ধি, কোষ মেরামত ও বিপাক প্রক্রিয়া নিয়ন্ত্রণে সহায়ক তিনটি হরমোন নিঃসরণ করে। তবে থাইরয়েড হরমোনের উৎপাদনে ভারসাম্যহীনতা দেখা দিলে ক্লান্তি, চুল পড়া, ওজন বৃদ্ধি এবং অতিরিক্ত ঠান্ডা লাগার মতো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, যা থাইরয়েড রোগ নামে পরিচিত।

উদ্বেগের বিষয় হলো, থাইরয়েডের সমস্যা যদি গুরুতর পর্যায়ে পৌঁছায়, তবে এর প্রভাব চোখেও পড়তে পারে। চিকিৎসকদের মতে, রোগটি বাড়াবাড়ি রকমের হলে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা (ইমিউন সিস্টেম) চোখের চারপাশের পেশী ও অন্যান্য টিস্যুতে আক্রমণ করতে শুরু করে। এর ফলে চোখে প্রদাহ সৃষ্টি হয় এবং এমনকি রোগী দৃষ্টিশক্তিও হারাতে পারেন। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় থাইরয়েড চোখ বা থাইরয়েড আই বলা হয়।

থাইরয়েড চোখের সমস্যার কারণ:

বিশেষজ্ঞরা জানান, থাইরয়েড-সংক্রান্ত চোখের জটিলতা তখনই দেখা দেয় যখন শরীরের ইমিউন সিস্টেম চোখের চারপাশের জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। এই সময় ইমিউন সিস্টেম অ্যান্টিবডি পাঠায়, যা চোখের চারপাশে থাকা চর্বি ও টিস্যুকে আক্রমণ করে। যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন যে ঠিক কী কারণে ইমিউন সিস্টেম এমন অস্বাভাবিক প্রতিক্রিয়া দেখায় এবং তারা এর মূল কারণ অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছেন।

থাইরয়েডে চোখের রোগের লক্ষণ:

থাইরয়েডজনিত চোখের সমস্যায় আক্রান্ত হলে কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা দিতে পারে। এগুলোর মধ্যে অন্যতম হলো:

চোখ ফুলে যাওয়া এবং চোখ পুরোপুরি বন্ধ করতে অসুবিধা হওয়া।
চোখ লাল হয়ে যাওয়া।
চোখে জ্বালাপোড়া অনুভব করা।
চোখে ব্যথা ও অস্বস্তি বা চাপ অনুভূত হওয়া।
চোখ অতিরিক্ত শুকনো লাগা অথবা চোখ থেকে জল পড়া।
যদি আপনি থাইরয়েডের সমস্যায় ভোগেন, তাহলে চোখের যে কোনো অস্বাভাবিকতা দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এর পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে থাইরয়েডের মাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি। একইসঙ্গে ধুলাবালি ও তীব্র আলো থেকে চোখকে সুরক্ষিত রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসার মাধ্যমে থাইরয়েডজনিত চোখের জটিলতা এড়ানো সম্ভব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy