খাওয়া শেষ হতেই কি আপনার কপালে বা শরীরে ঘাম জমে? অনেকেরই এমন অভিজ্ঞতা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, গরম বা ঝাল খাবার খেলে সামান্য ঘাম হওয়া স্বাভাবিক। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘গাস্টেটরি সোয়েটিং’। তবে এই ঘাম যদি প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়, তবে তা চিন্তার বিষয় হতে পারে।
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত প্রায় ১১% মানুষ খাবার খাওয়ার সময় ঘামেন। বিশেষ করে ৪৫ বছর ঊর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে এটি স্নায়বিক জটিলতা বা ‘অটোনমিক নিউরোপ্যাথি’র লক্ষণ হতে পারে। রক্তে গ্লুকোজের মাত্রা হঠাৎ কমে গেলে বা ইনসুলিন ও নির্দিষ্ট ওষুধ গ্রহণের ফলেও এমনটা হতে পারে।
তবে সব ঘামই ডায়াবেটিস নয়। অতিরিক্ত চর্বি, থাইরয়েডের সমস্যা, হরমোনের ভারসাম্যহীনতা, উদ্বেগ বা খাবারে কোনো বিশেষ সংবেদনশীলতা থেকেও এই সমস্যা হতে পারে। কিন্তু যদি দেখেন প্রতিটি খাবারের পরেই অতিরিক্ত ঘাম হচ্ছে এবং সাথে মাথা ঘোরা বা দুর্বলতা অনুভূত হচ্ছে, তবে সতর্ক হওয়া জরুরি। দীর্ঘস্থায়ী এই সমস্যা অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এবং রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করান। সুস্থ থাকতে শরীরের প্রতিটি সংকেত বুঝে নেওয়া প্রয়োজন।





