অনিয়মিত মাসিক, ওজন বৃদ্ধি, বন্ধ্যাত্ব কিংবা বিষণ্ণতা—এসব উপসর্গ কি আপনাকে তাড়া করে বেড়াচ্ছে? অনেকেই পলিসিস্টিক ওভারি সিনড্রোম (PCOS) এবং থাইরয়েডের সমস্যাকে আলাদা মনে করেন, কিন্তু চিকিৎসাবিজ্ঞান বলছে এদের মধ্যে রয়েছে গভীর সংযোগ। পরিসংখ্যান অনুযায়ী, পিসিওএস আক্রান্ত নারীদের থাইরয়েডে আক্রান্ত হওয়ার ঝুঁকি সাধারণের চেয়ে তিন থেকে চার গুণ বেশি।
হরমোনের ভারসাম্যহীনতা, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অটোইমিউনিটির মতো জটিল বিষয়গুলো উভয় সমস্যার ক্ষেত্রেই সমানভাবে দায়ী। হাইপোথাইরয়েডিজম পিসিওএস-এর উপসর্গগুলোকে আরও জটিল করে তোলে, যা পরবর্তীকালে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। ‘ক্লিনিক্যাল মেডিসিন ইনসাইটস’ জার্নালের গবেষণায় দেখা গেছে, পিসিওএস আক্রান্ত নারীদের মধ্যে হাইপোথাইরয়েডিজমের হার অন্যদের তুলনায় তিনগুণ বেশি।
তাই পিসিওএস শনাক্ত হলে নিয়মিত থাইরয়েড গ্রন্থি পরীক্ষা করা অত্যন্ত জরুরি। জীবনযাত্রায় পরিবর্তন, সুষম খাদ্যাভ্যাস এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসার মাধ্যমেই কেবল এই হরমোনজনিত সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার শরীরকে অবহেলা করবেন না, সমস্যার গভীরে যান এবং সঠিক সময়ে রোগ নির্ণয় করে সুস্থ জীবনের পথ বেছে নিন।





