মজবুত হাড় সুস্থ জীবনের চাবিকাঠি, ক্যালসিয়ামের অভাব পূরণে যা করণীয়

মজবুত হাড় আমাদের সুস্থ ও কর্মক্ষম জীবন ধারণে অপরিহার্য। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের বিভিন্ন সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। হাড়ের স্বাস্থ্য সুরক্ষার মূল চাবিকাঠি হলো ক্যালসিয়াম। শরীরে এই গুরুত্বপূর্ণ খনিজ উপাদানের ঘাটতি হলেই হাড় দুর্বল হয়ে পড়ে।
ক্যালসিয়াম শুধু হাড়ের স্বাস্থ্য রক্ষা করে না, বরং শরীরের আরও অনেক গুরুত্বপূর্ণ কার্যকারিতায় সাহায্য করে। রক্ত জমাট বাঁধা, পেশির সংকোচন ও প্রসারণ এবং হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতেও ক্যালসিয়ামের ভূমিকা অনস্বীকার্য। আসুন, শরীরে ক্যালসিয়ামের কাজ, ঘাটতির কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক-
ক্যালসিয়াম যেভাবে কাজ করে:
ক্যালসিয়াম একটি অত্যাবশ্যকীয় খনিজ উপাদান। এটি আমাদের শরীরের হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে। এছাড়াও, পেশী সংকোচন, ধমনীর স্থিতিস্থাপকতা এবং স্নায়ুতন্ত্রের বার্তা পরিবহনেও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হৃদপিণ্ডের স্বাভাবিক কার্যকারিতার জন্যও ক্যালসিয়াম প্রয়োজন। শরীরে ক্যালসিয়ামের অভাব হলে অস্টিওপোরোসিস ও অস্টিওপোনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ে। শিশুদের সঠিক বিকাশের ক্ষেত্রেও ক্যালসিয়ামের পর্যাপ্ততা জরুরি। ক্যালসিয়ামের অভাবে হাত ও পায়ে ঝিঁঝি ধরা, অবশ ভাব, ব্যথা, ক্লান্তি, হতাশা, দাঁতের ক্ষয় ও পেশি ব্যথার মতো লক্ষণ দেখা দিতে পারে।
শরীরে ক্যালসিয়ামের ঘাটতির কারণ:
দুর্বল শরীর ক্যালসিয়ামের অভাবের একটি কারণ।
প্রক্রিয়াজাত শস্য ও ময়দার তৈরি খাবারে ক্যালসিয়ামের অভাব থাকে।
অতিরিক্ত ব্যায়াম করলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হতে পারে।
খেলোয়াড় নারীদের মেনোপজের সময় বেশি ক্যালসিয়াম ক্ষয় হয়।
প্রচুর পরিমাণে কোমল পানীয় পান করলে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয়।
খাদ্যতালিকায় পর্যাপ্ত ক্যালসিয়াম গ্রহণ না করাই প্রধান কারণ।
অ্যালকোহল, তামাক ও অতিরিক্ত লবণ সেবনের ফলে ক্যালসিয়ামের ঘাটতি হয়।
অতিরিক্ত মেদ, চিনিযুক্ত খাবার ও উচ্চ প্রোটিন ডায়েটও ক্যালসিয়ামের অভাব সৃষ্টি করতে পারে।
ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। ভিটামিন ডি’র অভাবে ক্যালসিয়ামের ঘাটতি শুরু হয়।
শরীরে ক্যালসিয়ামের ঘাটতি বোঝার লক্ষণ:
চোখে ছানি পড়া
বন্ধ্যাত্ব
বুকে ব্যথা
মাড়ির রোগ
মৃগীরোগ
ঘুমের অভাব
ত্বকের শুষ্কতা
ক্ষুধামান্দ্য
ক্লান্তি অনুভব করা
হাত অবশ হওয়া
উচ্চ রক্তচাপের ঝুঁকি
উচ্চ কোলেস্টেরলের মাত্রা
ক্যালসিয়ামের অভাব পূরণে যা করবেন:
ক্যালসিয়ামের ঘাটতি পূরণে জীবনযাত্রায় পরিবর্তন আনা জরুরি। খাদ্যতালিকায় চিজ বা পনির যোগ করুন।
ভিটামিন ডি পেতে সকালে রোদে হাঁটুন এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করুন। লবণ কম খান ও ধূমপানের অভ্যাস ত্যাগ করুন। ক্যালসিয়াম বাড়াতে পালং শাক, ব্রোকোলি ও ডুমুরের রস পান করতে পারেন।
ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করা তুলনামূলকভাবে সহজ। এর সবচেয়ে সহজ চিকিৎসা হলো ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করা। এছাড়াও, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ক্যালসিয়ামযুক্ত সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে। বাজারে বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায়, তবে সঠিক নির্বাচন করা জরুরি। অতিরিক্ত মাত্রায় সাপ্লিমেন্ট গ্রহণ করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে। তাই সতর্ক থাকা প্রয়োজন।
মজবুত হাড় সুস্থ জীবনের ভিত্তি। তাই শরীরে ক্যালসিয়ামের পর্যাপ্ততা নিশ্চিত করতে সঠিক খাদ্যাভ্যাস এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ মেনে চলুন।