প্যাকেটজাত খাবারে বাড়ছে বিপদ: অকালে চুল পাকা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমার ঝুঁকি!

আধুনিক জীবনযাত্রায় ভোজনরসিক বাঙালি এখন দেশীয় খাবারের পাশাপাশি ঝুঁকছে প্যাকেটজাত বা প্রক্রিয়াজাত খাবারের দিকে। পাতে এখন হামেশাই দেখা যাচ্ছে সুস্বাদু সসেজ, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেটস। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা অজান্তেই ডেকে আনছে মারাত্মক বিপদ।
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, যারা প্রতিদিন তিন থেকে চার রকমের রেডিমেড প্যাকেটজাত খাবার খান, তাদের অকালে চুল পেকে যাওয়ার (প্রিম্যাচিউর গ্রেইং) প্রবণতা দেখা যাচ্ছে। শুধু তাই নয়, এই ধরনের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাও (ইমিউনিটি) ভীষণভাবে কমে যায়। ফলস্বরূপ, তারা অল্পতেই অসুস্থ হয়ে পড়েন।
গবেষকরা বলছেন, রেডিমেড প্যাকেটজাত খাবারে প্রচুর পরিমাণে শর্করা জাতীয় উপাদান, যথেচ্ছ লবণ এবং মাত্রাতিরিক্ত চর্বি জাতীয় উপাদান ব্যবহার করা হয়। বেশিরভাগ খাদ্য প্রস্তুতকারী সংস্থা স্বাদের কথা মাথায় রাখতে গিয়ে স্বাস্থ্যের দিকটি সম্পূর্ণ ভুলে যায়। এছাড়াও, এই খাবারগুলি দীর্ঘ দিন ধরে সংরক্ষণ করা হয়, যা মজতে শুরু করে এবং ধীরে ধীরে শরীরের ক্ষতি করতে থাকে। এই ক্ষতি এতটাই ধীর গতিতে হয় যে মানুষের অজান্তেই তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। আর সেই সঙ্গে অসময়ে চুল পাকিয়ে দেয়।
এই ধরনের খাবারে ব্যবহৃত অতিরিক্ত প্রিজারভেটিভ, কৃত্রিম রঙ ও ফ্লেভারও শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। দীর্ঘ মেয়াদে এই উপাদানগুলো দেহের কোষে অক্সিডেটিভ স্ট্রেস বাড়ায়, যা চুল পাকার অন্যতম কারণ। এছাড়া, পুষ্টির অভাবেও চুল অকালে সাদা হতে পারে, আর প্যাকেটজাত খাবারে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব থাকে।
বিশেষজ্ঞদের পরামর্শ, সুস্থ থাকতে হলে প্যাকেটজাত খাবারের অভ্যাস কমানো অত্যন্ত জরুরি। এর পরিবর্তে তাজা ফল, সবজি, ডাল এবং স্বাস্থ্যকর প্রোটিন সমৃদ্ধ ঘরে তৈরি খাবার খাওয়ার দিকে নজর দেওয়া উচিত। এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং অকালে চুল পাকার মতো সমস্যাও প্রতিরোধ করা যাবে।