নিঃশব্দ ঘাতক কিডনি রোগ, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন

কিডনি মানবদেহের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শরীর থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে শরীরকে সুস্থ রাখে। কিন্তু আধুনিক জীবনযাত্রা, উচ্চ রক্তচাপ, বা ডায়াবেটিসের মতো নানা রোগের কারণে কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। যখন কিডনি সঠিকভাবে কাজ করতে পারে না, তখন শরীরে বিষাক্ত পদার্থ জমা হতে শুরু করে, যা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হয়। দুঃখজনকভাবে, কিডনির সমস্যা প্রায়শই প্রাথমিক পর্যায়ে কোনো সুস্পষ্ট লক্ষণ প্রকাশ করে না, আর তাই একে ‘সাইলেন্ট কিলার’ বা ‘নিঃশব্দ ঘাতক’ বলা হয়।

তবে কিছু লক্ষণ আছে, যা দেখে আপনি বুঝতে পারবেন আপনার কিডনি ঠিকঠাক কাজ করছে কি না। সময়মতো এই লক্ষণগুলো চিনতে পারলে রোগের প্রাথমিক পর্যায়েই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব।

কিডনি সমস্যার গুরুত্বপূর্ণ লক্ষণসমূহ:
গোড়ালি ও পা ফোলা: কিডনি শরীর থেকে অতিরিক্ত জল ও সোডিয়াম ফিল্টার করে। কিডনি সঠিকভাবে কাজ করতে না পারলে শরীরে সোডিয়াম জমতে শুরু করে, যার ফলে শরীরের বিভিন্ন অংশে জল জমে ফুলে যায়। বিশেষ করে চোখ, মুখ, হাত, পা, গোড়ালি ও পায়ের পাতা ফুলে যাওয়া কিডনি সমস্যার একটি প্রধান লক্ষণ।

দুর্বলতা ও ক্লান্তি: সারাক্ষণ ক্লান্ত বা দুর্বল বোধ করা প্রায় সব রোগেরই প্রাথমিক লক্ষণ। কিডনির সমস্যা গুরুতর হলে এই দুর্বলতা আরও বাড়তে পারে। এমনকি সাধারণ ঘরোয়া কাজ বা সামান্য হাঁটাচলাও কষ্টকর মনে হতে পারে। এটি রক্তে টক্সিন জমা হওয়ার কারণে ঘটে।

ক্ষুধা কমে যাওয়া: শরীরে বিষাক্ত পদার্থ ও বর্জ্য জমা হলে ক্ষুধা কমে যায় এবং এর ফলে ওজনও কমতে শুরু করে। এছাড়া, ভোরে বমি বমি ভাব বা বমি হওয়াও ক্ষুধামন্দার আরেকটি কারণ হতে পারে।

প্রস্রাবের বেগে পরিবর্তন: একজন সুস্থ ব্যক্তি দিনে সাধারণত ৬-১০ বার প্রস্রাব করেন। এর চেয়ে কম বা বেশি প্রস্রাব কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে। কিডনির সমস্যায় আক্রান্ত ব্যক্তি হয় খুব কম বা খুব ঘন ঘন প্রস্রাব করেন। কিছু ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্তও দেখা যেতে পারে, যা কিডনির ক্ষতির কারণে রক্তকণিকা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে আসার লক্ষণ।

শুষ্ক ত্বক ও চুলকানি: কিডনি সমস্যার আরেকটি অন্যতম লক্ষণ হলো শুষ্ক ত্বক ও চুলকানি। রক্তে ক্ষতিকর টক্সিন জমে যাওয়ার কারণে ত্বক বিবর্ণ ও শুষ্ক হয়ে পড়ে, যার ফলে তীব্র চুলকানি হতে পারে। এর সাথে ঘামে দুর্গন্ধও দেখা দিতে পারে।