ত্বকের চুলকানি ও জ্বালাপোড়া? ঘরে বসেই সমাধান করুন এই চর্মরোগগুলি!

অসহনীয় চুলকানি, জ্বালাপোড়া, লাল ছোপ এবং ফুসকুড়ি – এই সমস্যাগুলি আমাদের দৈনন্দিন জীবনকে বেশ বিরক্তিকর করে তোলে। অনেক সময় এর ফলে ত্বকের স্বাভাবিক রংও হারিয়ে যায়। শরীরের যেকোনো জায়গার ত্বকেই এই ধরনের সমস্যা দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে চর্মরোগের বাড়াবাড়ি থেকে বাঁচতে কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি। এছাড়া, যদি কোনো চর্মরোগ দেখা দেয়, তাহলে ঘরে বসেই তার প্রাথমিক সমাধান করা সম্ভব। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি সাধারণ চর্মরোগ এবং সেগুলোর ঘরোয়া প্রতিকার সম্পর্কে।
সাধারণ চর্মরোগ ও তার সমাধান
১. অ্যাথলেটস ফুট: এটি একটি ছত্রাকজনিত রোগ। সাধারণত পায়ের পাতা কিংবা দুই আঙুলের মাঝখানে চুলকানি বা জ্বালা অনুভূত হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, এই সমস্যার ক্ষেত্রে পা সাবান দিয়ে ধুয়ে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। অ্যান্টি-ফাংগাল ওষুধ প্রয়োগ করতে হবে এবং সম্ভব হলে খোলা জুতা পরতে হবে।
২. দাদ (Ringworm): চামড়ার উপর গোল চাকার মতো লালচে ক্ষতস্থান সৃষ্টি হয় এই রোগে। ক্ষতস্থানে তীব্র চুলকানি হয়। ঘাড়, পায়ের পাতা, বগল, কুঁচকি ইত্যাদি জায়গায় এই ধরনের ক্ষত হতে পারে। এক্ষেত্রে পরিষ্কার জামাকাপড় পরতে হবে এবং ক্ষতস্থানে কাটাছেঁড়া করা যাবে না। অ্যান্টি-ফাংগাল ক্রিম নিয়মিত লাগাতে হবে।
৩. একজিমা (Eczema): ত্বকে জ্বালা, ত্বক ফেটে যাওয়া, এবং তীব্র চুলকানি একজিমার প্রধান লক্ষণ। এই ক্ষেত্রে নারিকেল তেল লাগালে আরাম পেতে পারেন। এছাড়া, সবসময় সুতির কাপড় পরার দিকে খেয়াল রাখতে হবে, কারণ সুতির কাপড় ত্বককে সহজে শ্বাস নিতে দেয়।
৪. টিনিয়া ক্যাপিটিস (Tinea Capitis): এই রোগে মাথার ত্বকে দাদ হয়, তবে এই ছত্রাকজনিত রোগের ফলে ক্ষত স্থান ভ্রু বা দাড়িতেও দেখা যেতে পারে। অ্যান্টি-ফাংগাল শ্যাম্পু এক্ষেত্রে বেশ কার্যকরী হতে পারে।
চুলকানিতে ঘরোয়া চিকিৎসা
কিছু সহজ ঘরোয়া উপায় অনুসরণ করেও ত্বকের চুলকানি ও জ্বালাপোড়া কমানো সম্ভব:
লেবু ও বেকিং সোডা: দুই চামচ বেকিং সোডা ও এক চামচ লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্ট চুলকানি হওয়া স্থানে লাগিয়ে ৫ থেকে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। প্রতিদিন স্নানের আগে এই পেস্টটি ব্যবহার করলে চুলকানি কমে যাবে।
চন্দন: ত্বকের জন্য চন্দন অত্যন্ত উপকারী। উন্নত মানের চন্দনের গুঁড়োর প্রলেপ চুলকানির স্থানে লাগিয়ে রাখলে উপকার পাওয়া যায়। চন্দন ত্বকে শীতল অনুভূতি দেয় এবং চুলকানি কমাতে সাহায্য করে।
নিম: নিমে আছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ। ত্বকের যেকোনো চুলকানি কমাতে নিম খুবই উপকারী। নিম পাতা বেটে ত্বকে প্রলেপ লাগালে উপকার পাবেন।
নারকেল তেল: নারকেল তেল ত্বকের ফোলাভাব কমায় এবং ত্বককে কোমল করে। এটি চুলকানি কমাতেও সাহায্য করে। হাতের তালুতে সামান্য নারকেল তেল নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলকানির স্থানে লাগালে উপকার পাওয়া যায়।