ঋতুস্রাবের ব্যথা কমাতে পেইনকিলার নয়, ভরসা রাখুন ঘরোয়া উপায়ে!

ঋতুস্রাব চলাকালীন মহিলাদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। মাসের এই কয়েকটি দিনে হরমোনের ওঠানামার কারণে মেজাজেও নানা রকম পরিবর্তন আসে। এর পাশাপাশি, বহু মহিলাই পেটে ও কোমরে অসহ্য ব্যথা এবং শরীরে ক্লান্তিবোধ করেন।
পেটে ব্যথা থেকে মুক্তি পেতে বেশিরভাগ মহিলাই এই সময়ে ব্যথার ওষুধ খেয়ে থাকেন। কিন্তু কথায় কথায় এই ধরনের ওষুধ সেবন করলে হিতে বিপরীত হতে পারে। সাময়িকভাবে ব্যথা কমলেও, পেইনকিলার শরীরের অন্যান্য ক্ষতি সাধন করতে পারে। তাই জেনে নিন ঘরোয়া উপায় ব্যবহার করে কীভাবে ঋতুস্রাব চলাকালীন পেটে ব্যথা থেকে রেহাই পাওয়া যাবে।
ব্যথামুক্ত ঋতুস্রাবের জন্য ঘরোয়া টিপস:
ভিটামিন ডি ও বি সমৃদ্ধ খাবার: ঋতুস্রাবের সময় শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি-এর জোগান দিন। এটি হাড় ও পেশীর ব্যথা মোকাবিলায় সাহায্য করে। এছাড়া, ভিটামিন বি সমৃদ্ধ খাবার যেমন – সবুজ শাকসবজি, ডিম, দুধ ইত্যাদি গ্রহণ করুন।
আনারস বা আনারসের জুস: ঋতুস্রাব চলাকালীন আনারস বা আনারসের জুস পান করা অত্যন্ত উপকারী। ব্যথা দূর করতে এর জুড়ি মেলা ভার।
আদা: পিরিয়ডের সময় মারাত্মক পেটে ব্যথা থেকে উপশম দিতে পারে আদা। জ্বর বা মাথাব্যথা হলেও অনেকে আদা চা খান। তেমনই পেটে বা কোমরে ব্যথা হলে আদা চা পান করতে পারেন। অথবা, রান্নায় আদা বেশি পরিমাণে ব্যবহার করুন। আদা প্রাকৃতিক প্রদাহবিরোধী উপাদান হিসেবে কাজ করে।
নিয়মিত যোগব্যায়াম: হরমোনের ওঠানামার জন্যই এই সময়ে পেটে ব্যথা হয়। তাই হরমোন ঠিক রাখতে প্রতিদিন অন্তত আধ ঘণ্টা করে যোগব্যায়াম করুন। এতে পেশী শক্তিশালী হয় ও হরমোনজনিত সমস্যাও কমে যায়। ফলে পিরিয়ডের সময় বেশি কষ্ট হয় না।
সুষম খাদ্যাভ্যাস: পিরিয়ডের সময় বেশি তেল-মশলা জাতীয় খাবার, ফাস্টফুড ইত্যাদি এড়িয়ে চলুন। এই সময়ে মেজাজও ভালো থাকে না। অবসাদ, ক্লান্তি এগুলোর জন্য আরও অসুস্থ লাগে। মেজাজ ভালো রাখতে তাই পরিমাণ মতো আইসক্রিম বা চকোলেট খেতে পারেন, যা মনকে সতেজ রাখতে সাহায্য করবে।