ক্যালসিয়ামের অভাব, হাড়ের দুর্বলতা থেকে ক্লান্তি, বুঝবেন কীভাবে?

ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ। এটি শুধু হাড় ও দাঁতের গঠন মজবুত রাখতেই নয়, বরং হার্ট এবং অন্যান্য পেশীগুলোর সঠিক কার্যকারিতার জন্যও অপরিহার্য। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হতে পারেন। জেনে নিন কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি ক্যালসিয়ামের অভাবে ভুগছেন।
ক্যালসিয়াম ঘাটতির সাধারণ লক্ষণগুলো:
১. হাড়ের সমস্যা: শরীরে ক্যালসিয়ামের অভাব দেখা দিলে, আমাদের শরীর হাড় থেকে প্রয়োজনীয় ক্যালসিয়াম শোষণ করতে শুরু করে। এর ফলে হাড়ের গঠন দুর্বল ও ভঙ্গুর হয়ে ওঠে। দীর্ঘদিন ক্যালসিয়ামের অভাবে ভুগলে হাড়ের খনিজের ঘনত্ব কমে যায়, যার কারণে হাড় অত্যন্ত পাতলা হয়ে যেতে পারে এবং ফ্রাকচার হওয়ার প্রবণতা বেড়ে যায়।
২. পেশীর সমস্যা: ক্যালসিয়াম পেশী সংকুচিত ও শিথিল করতে সাহায্য করে। তাই ক্যালসিয়ামের অভাবে পেশী ব্যথা বা টান ধরে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় পেশীতে অনাকাঙ্ক্ষিত সংকোচনও অনুভব হতে পারে।
৩. অসাড়তা: ক্যালসিয়াম কমে গেলে হাত-পায়ে শিহরণ বা ঝি ঝি ধরার সমস্যা হতে পারে। এমনকি শরীরের কিছু অংশে অসাড়তাও সৃষ্টি হতে পারে, যা দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাতে পারে।
৪. দাঁতের সমস্যা: ক্যালসিয়ামের অভাবে দাঁত ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। দাঁত ক্ষয়ে যাওয়া, অকালে পড়ে যাওয়াসহ নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে, কারণ দাঁতের মূল উপাদানই হলো ক্যালসিয়াম।
৫. নখ ও ত্বকের সমস্যা: দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের অভাব থাকলে এর প্রভাব নখে ও ত্বকে স্পষ্ট দেখা যায়। শুষ্ক ত্বক, শুষ্ক ও ভঙ্গুর নখ, রুক্ষ চুল এবং ত্বকে চুলকানির মতো সমস্যাও দেখা দিতে পারে।
৬. ক্লান্তি এবং মনোযোগের অভাব: ক্যালসিয়ামের অভাবে আপনি প্রায়শই ক্লান্তিবোধ করতে পারেন। এর পাশাপাশি মাথা ব্যথা, মাথা ঘোরা, মনোযোগের অভাব, ভুলে যাওয়া এবং বিভ্রান্তির মতো সমস্যাও দেখা দিতে পারে, যা আপনার দৈনন্দিন কার্যক্ষমতাকে প্রভাবিত করে।
এই লক্ষণগুলো আপনার শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। সঠিক সময়ে ক্যালসিয়াম ঘাটতি নির্ণয় এবং এর প্রতিকার করলে গুরুতর স্বাস্থ্য সমস্যা এড়ানো সম্ভব। আপনার খাদ্যতালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন দুধ ও দুগ্ধজাত পণ্য, সবুজ শাক-সবজি, বাদাম ইত্যাদি অন্তর্ভুক্ত করুন।