উপনির্বাচনের আগে বড় ধাক্কা! হুসেন কবীরের দলের আরও দুই নেতাকে একযোগে গ্রেফতার করল পুলিশ

আসন্ন রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে রাজনৈতিক পারদ চড়েছে চরমে। একদিকে বিতর্কিত অডিও কাণ্ডে ম্যারাথন জেরা, অন্যদিকে একের পর এক দলীয় নেতাকর্মীর গ্রেফতারি—সবমিলিয়ে চরম অস্বস্তিতে আমজনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার রাতে পুরনো মামলায় পুলিশ তাঁর দলের আরও দুই হেভিওয়েট নেতাকে গ্রেফতার করেছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ওই দুই নেতার নাম আনিসুর রহমান ও সোহেল মণ্ডল। আনিসুর আমজনতা উন্নয়ন পার্টির কোর কমিটির সদস্য এবং সোহেল দলটির যুব ভাইস প্রেসিডেন্ট। সোমবার রাতে রেজিনগর থানা এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয় এবং মঙ্গলবার আদালতে তুলে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। এর আগে দলের রাজ্য সম্পাদক আশিক ইকবাল, ব্লক সভাপতি সাইফুল ইসলাম মণ্ডল এবং কর্মী হায়দার শেখ সহ একাধিক নেতা-কর্মী বিভিন্ন অভিযোগে গ্রেফতার হয়েছেন। পুলিশের বিরুদ্ধে লাগাতার দলীয় কর্মীদের বেআইনিভাবে হয়রানি ও গ্রেফতার করার অভিযোগ তুলেছে এজেউপি নেতৃত্ব। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন বিধায়ক হুমায়ুন কবীর। ইমেলে গোটা বিষয়টি জানিয়ে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, একটি বিতর্কিত অডিও-কাণ্ডে গত সোমবার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে বহরমপুর থানায় ম্যারাথন জেরা করা হয় হুমায়ুন কবীরকে। পুলিশ সূত্রে খবর, তাঁকে মোট ৬৩টি প্রশ্ন করা হয়েছিল, যার মধ্যে ৪২টির উত্তর তিনি দিয়েছেন। তবে বাকি প্রশ্নগুলির উত্তর ও তদন্তের স্বার্থে তাঁকে ফের তলব করা হয়েছে। একের পর এক আইনি কোণঠাসা অবস্থা এবং দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের জেরে উপনির্বাচনের আগে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন এই বিধায়ক।