কিছু খেলেই বাথরুমে দৌড়? জেনে নিন এর কারণ ও প্রতিকারের উপায়

কিছু খেলেই বাথরুমে দৌড়? জেনে নিন এর কারণ ও প্রতিকারের উপায়
খাবার শেষ হতে না হতেই বাথরুমে ছুটতে হচ্ছে? এই সমস্যা অনেকেরই পরিচিত এবং বেশ বিব্রতকর। বাড়িতে এমন হলে সামলে নেওয়া গেলেও, বাইরে এমন পরিস্থিতি মোকাবিলা করা বেশ কঠিন হতে পারে, কারণ সব জায়গায় শৌচাগারের সুবিধা নাও থাকতে পারে। আপাতদৃষ্টিতে সাধারণ মনে হলেও, দীর্ঘস্থায়ী এই সমস্যা একসময় গুরুতর রূপ নিতে পারে।

কেন হয় এই সমস্যা?
কিছু খেলেই পেটে চাপ পড়ার এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে ওজন কমে যেতে পারে, এমনকি রক্তচাপও কমে যাওয়ার ঝুঁকি থাকে। যারা দীর্ঘক্ষণ মলত্যাগ আটকে রাখেন বা নিয়মিত সঠিক সময়ে মলত্যাগ করেন না, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যায়। তবে কিছু সাধারণ জীবনযাত্রার পরিবর্তন এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

প্রতিকারের উপায়
১. ফাইবার সমৃদ্ধ খাবার: এই সমস্যার সমাধানে মটরশুঁটি, আপেল, ব্রকোলির মতো ফল ও সবজি বেশি করে খান। এছাড়াও ফাইবার সমৃদ্ধ খাবার আপনার খাদ্যতালিকায় যোগ করুন। ফাইবার সহজে পেট পরিষ্কার রাখতে সাহায্য করে, ফলে হঠাৎ বাথরুমে যাওয়ার চাপ কমে আসে এবং আপনাকে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয় না।

২. টক দই: হজমের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার হলো টক দই। ভারী খাবারের পর টক দই খেলে হজম প্রক্রিয়া সহজ হয়। নিয়মিত টক দই খেলে যখন-তখন পেটে চাপ আসার সমস্যা দূর হয়। টক দই দিয়ে তৈরি বোরহানি, লাচ্ছি বা সালাদে এটি ব্যবহার করতে পারেন।

৩. পটাশিয়াম সমৃদ্ধ ফল: যেসব ফলে পটাশিয়াম থাকে, সেগুলো এই ধরনের পেটের সমস্যা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। আম, কলা, ও টমেটো পটাশিয়াম সমৃদ্ধ ফলের তালিকায় রয়েছে। নিয়মিত এই ফলগুলো খেলে সমস্যা অনেকটাই কমে আসবে।

৪. পেয়ারা: পেটের এই সমস্যা সারাতে পেয়ারা একটি কার্যকর ফল। প্রতিদিন একটি করে পেয়ারা খেলে এই ধরনের সমস্যা অনেকটাই কমে আসে। এছাড়া আনারসও এক্ষেত্রে বেশ উপকারী, যদিও পেয়ারার মতো ততটা শক্তিশালী নয়।

৫. খাদ্যাভ্যাসে পরিবর্তন: পেটের এই সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্যাভ্যাসে আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনুন। একবারে অনেক বেশি খাবার না খেয়ে অল্প অল্প করে কয়েকবার খান। এতে হজম প্রক্রিয়ার ওপর চাপ কম পড়ে এবং এই সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করে।

এই ছোট ছোট পরিবর্তনগুলো আপনার দৈনন্দিন জীবনে এনে দিতে পারে স্বস্তি। তবে যদি সমস্যা গুরুতর হয় বা দীর্ঘস্থায়ী হয়, তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।