বাসি ভাত খাচ্ছেন? পেটের সংক্রমণ এড়াতে মেনে চলুন এই সহজ টিপস!

বাঙালির ঘরে ভাত না হলে চলে না, আর অনেক সময়ই রান্না করার পর কিছুটা ভাত বেঁচে যায়। এই বেঁচে যাওয়া ভাত অনেকেই ফেলে দেন, সকালে ঠাণ্ডা বা গরম করে খান, কিংবা পান্তা ভাত তৈরি করেন। আবার কেউ কেউ ফ্রিজেও সংরক্ষণ করেন। তবে, বাসি ভাত খাওয়ার আগে কিছু বিষয় অবশ্যই মেনে চলা উচিত। কারণ, সঠিক পদ্ধতিতে গরম না করলে এই ভাত থেকে পেটে সংক্রমণও হতে পারে।
জানুন কীভাবে বাসি ভাত নিরাপদে গরম করবেন:
মাইক্রোওয়েভে গরম করার সঠিক পদ্ধতি
যদি আপনি মাইক্রোওয়েভে বাসি ভাত গরম করতে চান, তাহলে কয়েকটি ধাপ অনুসরণ করুন:
পাত্র নির্বাচন: মাইক্রোওয়েভ ওভেনের উপযোগী একটি পাত্রে ভাত রাখুন।
দলা ভাঙা: ফ্রিজে রাখা ভাত অনেক সময় দলা পাকিয়ে যায়। এক্ষেত্রে একটি চামচ দিয়ে সেগুলো আলতো করে ভেঙে নিন।
জল মেশানো: প্রতি ১ কাপ ভাতের জন্য ১ টেবিল চামচ করে জল মেশান। জল ভাতকে আর্দ্র রাখবে এবং সমানভাবে গরম হতে সাহায্য করবে।
গরম করার সময়: জল দেওয়া হয়ে গেলে পাত্রটি ঢাকনা দিয়ে ২ মিনিট ধরে বেশি তাপমাত্রায় মাইক্রোওয়েভে গরম করুন। এতে ভাত ভালোভাবে গরম হবে এবং ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি কমবে।
গ্যাসে গরম করার উপায়
গ্যাসে বাসি ভাত গরম করার জন্য এই পদ্ধতিটি অনুসরণ করুন:
পাত্রে ভাত নিন: একটি পাত্রে বেঁচে যাওয়া ভাত নিন।
জল বা মাখন যোগ: প্রতি কাপ ভাতের জন্য ১ টেবিল চামচ করে জল দিন। জল দিতে না চাইলে সামান্য মাখন ব্যবহার করতে পারেন, যা ভাতকে নরম ও সুস্বাদু করবে।
ঢাকা দিয়ে গরম: এবার পাত্রটি ঢাকা দিয়ে মাঝারি আঁচে মিনিট পাঁচেক গরম করুন। এতে ভাত ভালোভাবে সিদ্ধ হবে এবং গরম হবে।
বাসি ভাত দিয়ে সুস্বাদু ফ্রায়েড রাইস
ভাত কেবল গরম না করে ভেজেও নিতে পারেন, যা খেতে ফ্রায়েড রাইসের মতো লাগবে এবং স্বাদেও বৈচিত্র্য আনবে।
উপকরণ সংগ্রহ: এর জন্য আপনার লাগবে ডিম, পেঁয়াজ, মরিচ, গাজর, বিনস এবং আপনার পছন্দসই অন্যান্য সবজি।
রান্নার পদ্ধতি: একটি পাত্রে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে প্রথমে ডিম (যদি ব্যবহার করেন), পেঁয়াজ, মরিচ, গাজর ও বিনস দিয়ে দিন। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে বাসি ভাত মিশিয়ে নাড়ুন। ভাত ভাজা ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে গরম গরম পরিবেশন করুন।