দক্ষিণী চলচ্চিত্রের অন্যতম প্রতিভাবান এবং জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী আজ ৩৪ বছরে পা দিলেন। অভিনয় দক্ষতা এবং মেকআপহীন স্বাভাবিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে তাঁর কোটি কোটি ভক্ত। মালয়ালম ছবি ‘প্রেমম’ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও আজ তিনি ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। তবে জানলে অবাক হবেন, রুপালি পর্দার এই নক্ষত্র আদতে একজন পেশাদার ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন।
জর্জিয়ার তিবিলিসি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেছেন পল্লবী। পড়াশোনা চলাকালীনই তাঁর কাছে সিনেমার প্রস্তাব আসে। ডাক্তার হওয়ার লক্ষ্য থাকলেও ভাগ্য তাঁকে টেনে আনে অভিনয়ের দুনিয়ায়। ডিগ্রি থাকলেও তিনি আর ডাক্তারি প্র্যাকটিস করেননি। বর্তমানে তিনি বলিউডের চর্চিত ছবি ‘রামায়ণ’-এ রণবীর কাপুরের বিপরীতে সীতার চরিত্রে অভিনয় করছেন। এছাড়া আমির খানের ছেলে জুনায়েদ খানের সঙ্গেও তাঁকে বড় পর্দায় দেখা যাবে। শোনা যায়, বর্তমানে ছবি পিছু তিনি ৩ থেকে ১৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। সাধারণ জীবনযাপন এবং অসামান্য ব্যক্তিত্বই তাঁকে অন্যদের থেকে আলাদা করে রেখেছে।





