মুম্বইয়ে পা রাখতেই নার্ভাস সাই পল্লবী! আমির খানের সামনেই কেঁদে ফেললেন দক্ষিণী সুন্দরী?

দক্ষিণী ছবির জগতে গত এক দশক ধরে তাঁর একাধিপত্য। মালায়লাম হোক বা তেলুগু— তাঁর অভিনয় ও নাচের জাদুতে মুগ্ধ কোটি কোটি দর্শক। কিন্তু সেই ‘ফিদা’ গার্ল সাই পল্লবীই এখন মুম্বইয়ের গ্ল্যামার দুনিয়ায় পা রাখতে গিয়ে রীতিমতো নার্ভাস! আগামী ১ মে মুক্তি পেতে চলেছে তাঁর প্রথম হিন্দি ছবি ‘এক দিন’। আর এই ছবির প্রচারেই বলিউড সুপারস্টার আমির খানের সামনে নিজের মনের আগল খুলে দিলেন অভিনেত্রী।

মুম্বইয়ের এক বিশেষ অনুষ্ঠানে সম্প্রতি ছবির গোটা টিম উপস্থিত ছিল। সেখানে নিজের ছেলে জুনায়েদ খানের প্রথম কাজ নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আমির খান। ঠিক তখনই পাশ থেকে সাই পল্লবী রসিকতা করে বলেন, “আমির স্যার সবার সামনে নিজের আবেগ প্রকাশ করার সাহস রাখেন। আমি তো চাইছিলাম হলের আলোগুলো একটু নেভানো থাক, যাতে আমিও একটু মনের শান্তিতে কাঁদতে পারি!”

হাসির আড়ালে অবশ্য নিজের দুশ্চিন্তা গোপন করেননি পল্লবী। তিনি স্পষ্ট জানান, “এটি আমার প্রথম হিন্দি ছবি। সত্যি বলতে আমি ভীষণ নার্ভাস। তবে পুরো জার্নিটা ছিল অসাধারণ সুন্দর।” আমিরের ছেলে জুনায়েদ সম্পর্কেও দরাজ প্রশংসা শোনা গেল তাঁর গলায়। সাইয়ের মতে, জুনায়েদ একজন দুর্দান্ত সহকর্মী এবং মানুষ হিসেবেও খুব ভালো। আমির খান তাঁকে এই চরিত্রের জন্য যোগ্য মনে করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সুনীল পাণ্ডে পরিচালিত ‘এক দিন’ ছবিটি আসলে ২০১৬ সালের জনপ্রিয় থাই ছবি ‘ওয়ান ডে’-র রিমেক। এক লাজুক যুবকের সহকর্মীর প্রেমে পড়ার এক মিষ্টি প্রেমের গল্পে দেখা যাবে জুনায়েদ ও সাই পল্লবীকে। আমিরের প্রোডাকশন হাউসের এই প্রজেক্ট এখন বিটাউনের ‘হট টপিক’।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy