সেন্সর বোর্ডের কোপে রীতেশের ‘রাজা শিবাজী’! সলমন-সঞ্জয় অভিনীত ছবির একাধিক দৃশ্য বাদের নির্দেশ

রীতেশ দেশমুখের বহু প্রতীক্ষিত এবং স্বপ্নের প্রজেক্ট ‘রাজা শিবাজী’-র ট্রেলার মুক্তি পেতেই শোরগোল পড়ে গিয়েছে সিনেমা মহলে। আগামী ১ মে প্রেক্ষাগৃহে আসার আগে ছবিটি নিয়ে বড়সড় আপডেট দিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)। বোর্ড ছবিটিকে ‘U/A’ সার্টিফিকেট দিলেও, মুক্তির আগে বেশ কিছু দৃশ্য বাদ দেওয়া এবং পরিবর্তনের কড়া নির্দেশ দিয়েছে। রীতেশ দেশমুখ নিজেই এই ছবির লেখক ও পরিচালক। মাল্টিস্টারার এই ছবিতে ছত্রপতি শিবাজীর ভূমিকায় খোদ রীতেশকে দেখা যাবে, পাশাপাশি একটি বিশেষ চরিত্রে থাকছেন সুপারস্টার সলমন খান।

কোন কোন দৃশ্যে চলল কাঁচি?
সেন্সর বোর্ড ছবির নির্মাতাদের ডিসক্লেমার বা সতর্কবার্তাটি আরও স্পষ্ট করার নির্দেশ দিয়েছে এবং সঙ্গে একটি ভয়েস ওভার যোগ করতে বলেছে। এছাড়া, ছবির টাইটেল বা নাম নিয়ে নির্মাতাদের কাছে ব্যাখ্যা চেয়েছে বোর্ড। ঐতিহাসিক তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য চিত্রনাট্য, সংলাপ এবং গানের রেফারেন্সের প্রমাণপত্র জমা দিতে বলা হয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো, ছবিতে একটি শিশুর গলা কাটার দৃশ্য ছিল, যা অত্যন্ত নৃশংস বলে মনে করেছে সেন্সর বোর্ড এবং সেটি পুরোপুরি বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলির সঠিক তারিখ উল্লেখ করার নির্দেশও দেওয়া হয়েছে।

দৈর্ঘ্য ও বাজেট:
‘রাজা শিবাজী’ মারাঠি এবং হিন্দি—এই দুই ভাষাতেই মুক্তি পাচ্ছে। অবাক করা বিষয় হলো, দুই সংস্করণের দৈর্ঘ্যে বড় তফাত রয়েছে। হিন্দি সংস্করণের রানটাইম ৩ ঘণ্টা ৮ মিনিট, যেখানে মারাঠি ভার্সনটি ৩ ঘণ্টা ১৬ মিনিটের। প্রায় ১০০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবির প্রযোজক জেনেলিয়া দেশমুখ এবং জ্যোতি দেশপান্ডে।

ছবিতে রীতেশের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ মঞ্জরেকর, ভাগ্যশ্রী, ফারদিন খান এবং বিদ্যা বালনের মতো তারকারা। অজয়-অতুলের সঙ্গীত পরিচালনা এবং জিও স্টুডিওসের বড় ব্যানারে তৈরি এই ছবি ঐতিহাসিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। ১ মে মুক্তির দিন থেকেই প্রেক্ষাগৃহে মারাঠা সাম্রাজ্যের এই বীরগাথা চাক্ষুষ করতে পারবেন দর্শকরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy