পার্ট ওয়ান শিবা’ বক্স অফিসে ঝড় তুললেও, চিত্রনাট্য নিয়ে আক্ষেপ ছিল দর্শকদের একাংশের। তবে এবার সেই খামতি মেটাতে কোমর বেঁধে নামছে নির্মাতারা। বি-টাউনে জোর খবর, ‘রামায়ণ’ ছবির হেভিওয়েট প্রযোজক নমিত মালহোত্রা এবার ‘ব্রহ্মাস্ত্র পার্ট টু: দেব’-এর গুরুদায়িত্ব নিতে পারেন। সম্প্রতি CinemaCon 2026-এ দক্ষিণী সুপারস্টার যশের সঙ্গে নমিতের উপস্থিতি সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। তবে কি ‘অ্যাস্ট্রাভার্স’-এ বড় কোনও বদল আসতে চলেছে? যদিও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি।
পরিচালক অয়ন মুখার্জি প্রথম থেকেই দ্বিতীয় পর্ব নিয়ে অত্যন্ত সতর্ক। ২০২৫ সালে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিপ্টের ছবি পোস্ট করে ভক্তদের উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন। সেখানে ‘পার্ট ২’ এবং ‘ওম’-এর মতো ইঙ্গিতপূর্ণ হ্যাশট্যাগ থাকলেও গল্পের বিষয়বস্তু নিয়ে তিনি মুখে কুলুপ এঁটেছেন। প্রথম পর্বের দূর্দান্ত ভিএফএক্স (VFX) দর্শকদের মুগ্ধ করলেও দুর্বল সংলাপ নিয়ে যে সমালোচনা হয়েছিল, তা মাথায় রেখেই এবার কোয়ালিটির ওপর জোর দিচ্ছে টিম ‘ব্রহ্মাস্ত্র’। নমিত মালহোত্রার মতো দক্ষ প্রযোজকের এন্ট্রি হলে এই ফ্র্যাঞ্চাইজি যে বিশ্বমানের হতে চলেছে, তা বলাই বাহুল্য।





