পর্দায় রণবীর সিং মানেই এনার্জির বিস্ফোরণ, কখনও বা বিতর্কের কেন্দ্রবিন্দু। খিলজি হোক বা বাজিরাও—পর্দায় তাঁর দাপট সর্বজনবিদিত। এমনকি জনসমক্ষে নগ্ন হয়ে ফটোশুট করার সাহসও তিনি দেখিয়েছেন। কিন্তু এই আত্মবিশ্বাসী সুপারস্টারই নাকি একসময় বিকিনি পরা সুন্দরীর সামনে দাঁড়িয়ে রীতিমতো কুঁকড়ে গিয়েছিলেন! সম্প্রতি লাস্যময়ী মডেল ও অভিনেত্রী সোনালি রাউত ফাঁস করেছেন রণবীরের জীবনের সেই মজাদার ও নস্ট্যালজিক কাহিনি।
বর্তমানে বক্স অফিসে রণবীরের ছবি ‘ধুরন্ধর ২’ প্রায় ৩০০০ কোটির মাইলফলক ছুঁয়েছে। আর এই সাফল্যের আবহেই সোনালির এই পুরোনো স্মৃতিচারণ নতুন করে চর্চায়। সোনালি জানান, কেরিয়ারের শুরুর দিকে একটি বেশ ‘বোল্ড’ ফটোশুটে রণবীরের সঙ্গী হয়েছিলেন তিনি। সোনালির পরনে ছিল নামমাত্র বিকিনি। আর তাতেই নাকি হার্টবিট বেড়ে গিয়েছিল আজকের এই ‘সুপারকুল’ নায়কের। পরিস্থিতি সামাল দিতে রণবীর ঘনঘন মুখে চুইংগাম পুরছিলেন আর সমানে পারফিউম স্প্রে করছিলেন।
সোনালি হাসতে হাসতে জানান, সেটি ছিল রণবীরের প্রথম কোনো গ্ল্যামারাস শুট। একজন বিকিনি পরা মেয়ের খুব ঘনিষ্ঠ হয়ে পোজ দিতে গিয়ে রণবীর এতটাই নার্ভাস হয়ে পড়েছিলেন যে ফটোগ্রাফারকে হস্তক্ষেপ করতে হয়। ফটোগ্রাফার সোনালিকে চুপিচুপি বলেন, “সোনালি, ছেলেটা খুব নার্ভাস, ওকে একটু কমফোর্টেবল করো তো!” রণবীর সেদিন সোনালির কাছে কাঁচুমাচু হয়ে স্বীকার করেছিলেন যে, এমন খোলামেলা পরিবেশে কাজ করার অভিজ্ঞতা তাঁর আগে হয়নি। আজ যে রণবীরকে দেখে গোটা বিশ্ব কুপোকাত, একসময় তিনিও যে আর পাঁচটা সাধারণ লাজুক ছেলের মতোই ছিলেন, সোনালির এই গল্পে সেই ছবিই ফুটে উঠল।





