বলিউড বাদশার রাজকীয় প্রত্যাবর্তন হতে চলেছে খুব শীঘ্রই। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ এবং ‘ডাঙ্কি’-র মাধ্যমে বক্স অফিসে সুনামি বইয়ে দেওয়ার পর শাহরুখ খান এখন ব্যস্ত তার আগামী ছবি ‘কিং’ নিয়ে। এই ছবিটির বিশেষত্ব হলো, এর মাধ্যমেই রুপোলি পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ-কন্যা সুহানা খানের। চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে ছবিটির। কিন্তু ‘কিং’-এর রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য চলে এল আরও বড় এক ধামাকা।
দীর্ঘ দুই দশক পর আবারও পর্দায় ফিরতে চলেছে শাহরুখ খান এবং কিংবদন্তি পরিচালক সঞ্জয় লীলা ভানসালির জাদুকরী জুটি। ২০০২ সালে ‘দেবদাস’-এর মাধ্যমে তারা ভারতীয় সিনেমাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আইএএনএস-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, ভানসালির আগামী রোমান্টিক প্রজেক্টে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শাহরুখকে। তবে এবার আর ২০-২৫ বছরের তরুণ সেজে নয়, বরং নিজের বয়সের সাথে মানানসই এক পরিণত চরিত্রে অভিনয় করবেন তিনি।
ছবির সম্ভাব্য গল্প অনুযায়ী, শাহরুখকে দেখা যাবে ৫০োর্ধ্ব এক সফল অথচ ক্লান্ত ব্যবসায়ীর চরিত্রে, যিনি নিজের কেরিয়ারের এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। ঠিক সেই সময়েই তার জীবনে প্রবেশ করবেন এক তরুণী উদ্যোক্তা, যার স্টার্টআপটি অত্যন্ত সফল। অসম বয়সের এই প্রেম এবং জীবনের চড়াই-উতরাই নিয়েই এগোবে ছবির চিত্রনাট্য। জানা গিয়েছে, ভানসালি এবং শাহরুখের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে।
শোনা যাচ্ছে, এই গল্পটি আসলে সালমানের জন্য ভাবা ‘ইনশাল্লাহ’ প্রজেক্টেরই একটি মার্জিত রূপ হতে পারে। যেখানে চরিত্রটিকে জোর করে তরুণ দেখানোর চেষ্টা করা হবে না। শাহরুখও চিত্রনাট্য শুনে বেশ উৎসাহিত। সব ঠিক থাকলে খুব শীঘ্রই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বাদশার ভক্তরা এখন থেকেই প্রহর গুনছেন তাদের প্রিয় জুটিকে আবারও বড় পর্দায় দেখার জন্য।





