সুরের জাদুতে তিনি দশকের পর দশক ধরে দেশবাসীকে মুগ্ধ করে রেখেছেন। কিন্তু এবার খবরের শিরোনামে তাঁর গান নয়, বরং তাঁর রাজকীয় জীবনযাপন এবং মুম্বইয়ের আকাশছোঁয়া আবাসন বাজারে একের পর এক বিনিয়োগ। তিনি আর কেউ নন, ভারতের মেলোডি কুইন শ্রেয়া ঘোষাল। গত তিন মাসে এটি তাঁর তৃতীয় সম্পত্তি ক্রয়, যা দেখে রীতিমতো চোখ কপালে উঠেছে নেটপাড়ার।
মাত্র দুই সপ্তাহ আগেই মুম্বইয়ের অতি অভিজাত এলাকা ওরলিতে প্রায় ৩০ কোটি টাকা দিয়ে একটি বিশাল ফ্ল্যাট কিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন শ্রেয়া। সেই রেশ কাটতে না কাটতেই এবার তাঁর নতুন ঠিকানা হতে চলেছে মুম্বইয়ের আরেক ভিভিআইপি এলাকা সান্তাক্রুজ। জানা গিয়েছে, নতুন এই অ্যাপার্টমেন্টটির দাম প্রায় ২১ কোটি টাকা! ২,৬০১ বর্গফুট আয়তনের এই বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে রয়েছে ২৯৯ বর্গফুটের একটি রাজকীয় ব্যালকনি। গত ২৪ এপ্রিল এই বিপুল অঙ্কের আইনি লেনদেন সম্পন্ন হয়েছে বলে খবর।
পরিসংখ্যান বলছে, এপ্রিলের শুরুতে বাবা-মায়ের জন্য ওরলিতে ফ্ল্যাট কেনার পর এটি তাঁর ব্যক্তিগত সংগ্রহের আরও এক দামি পালক। শুধু শ্রেয়াই নন, তাঁর স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়ও একজন সফল ব্যবসায়ী। শোনা যায়, শিলাদিত্যের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। বর্তমানে শ্রেয়া ও শিলাদিত্যের যৌথ মালিকানায় মুম্বইয়ের বিভিন্ন প্রান্তে একাধিক বিলাসবহুল আবাসন রয়েছে।
মুম্বইয়ের আবাসন বাজারে যেখানে সম্প্রতি অভিনেত্রী টাবু ১০ কোটির ফ্ল্যাট কিনে নজর কেড়েছেন, সেখানে শ্রেয়ার এই একের পর এক ‘মাল্টি-কোটি’ বিনিয়োগ তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। নেটিজেনদের একাংশ রসিকতা করে বলছেন, শ্রেয়ার গলার সুর যেমন নিখুঁত, তাঁর ব্যবসার বুদ্ধিও ঠিক ততটাই ধারালো। সব মিলিয়ে গানের স্টুডিওর বাইরেও রিয়েল এস্টেটের ময়দানে এখন অপ্রতিরোধ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী।





