রবিবাসরীয় সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল আইপিএল-এর মেগা ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স বনাম আরসিবি-র লড়াই দেখতে সপরিবারে হাজির ছিলেন করিনা কাপুর খান। সঙ্গে স্বামী সইফ আলি খান, দুই ছেলে তৈমুর ও জেহ এবং ইব্রাহিম আলি খান। কিন্তু গ্যালারির উন্মাদনাকে ছাপিয়ে ভাইরাল এখন করিনার রাগান্বিত ভিডিও।
স্টেডিয়ামে নীল জার্সি পরে মুম্বইকে সমর্থন করতে দেখা যায় ‘পাটাউডি’ পরিবারকে। তবে গোলমাল বাঁধে লিফটের সামনে। হুড়মুড়িয়ে একদল অনুরাগী ও পাপারাজ্জি তাঁদের ঘিরে ধরলে নিরাপত্তার অভাব বোধ করেন অভিনেত্রী। ভিড়ের চাপে রীতিমতো বিরক্ত হয়ে করিনাকে তাঁর টিমের একজনের ওপর চিৎকার করতে দেখা যায়। একপর্যায়ে মেজাজ হারিয়ে সইফকেও প্রশ্ন করেন, “কী হচ্ছে এসব?”
সইফ শান্ত থেকে সন্তানদের আগলে রাখলেও করিনার চোখেমুখে ছিল বিরক্তি। যদিও পরে গ্যালারিতে বসে স্বাভাবিক মেজাজেই ম্যাচ উপভোগ করেন তিনি। কাজের সূত্রে, করিনা সদ্যই মেঘনা গুলজারের ‘দায়রা’ ছবির শুটিং শেষ করেছেন, যা বছরের শেষেই পর্দায় আসতে চলেছে।





