দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের চেন্নাইয়ের বাসভবনে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্প্রতি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ইমেল করে দাবি করেন যে, অভিনেত্রীর বাড়িতে শক্তিশালী বিস্ফোরক রাখা আছে। এই খবর পাওয়া মাত্রই কোনও ঝুঁকি না নিয়ে চেন্নাই পুলিশ এবং বম্ব স্কোয়াড দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে দীর্ঘ তল্লাশির পর জানা যায়, এটি একটি ভুয়ো বা ‘হ্যাক্স’ কল ছিল।
পুলিশের কন্ট্রোল রুমে আসা ওই ইমেলে দাবি করা হয়েছিল যে, তৃষার আবাসে যে কোনও সময় বিস্ফোরণ ঘটতে পারে। স্নিফার ডগ এবং অত্যাধুনিক সরঞ্জাম নিয়ে অভিনেত্রীর বাড়িতে চিরুনি তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তৃষা ও তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত থাকলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। কয়েক ঘণ্টা পর নিশ্চিত হওয়া যায় যে, বাড়ির ভেতরে কোনও বিস্ফোরক নেই।
চেন্নাই পুলিশ ইতিমধ্যেই এই ইমেলটির উৎস খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, কলটি তামিলনাড়ুর একটি জেলা থেকে এসেছিল। উল্লেখ্য, ২০২৫ সালেও তৃষা একই ধরণের ভুয়ো হুমকির শিকার হয়েছিলেন। এর আগে রজনীকান্ত, থালাপথি বিজয় এবং অজিত কুমারের মতো সুপারস্টারদের বাড়িতেও এই ধরণের বোমাতঙ্ক ছড়িয়ে প্রশাসনের মূল্যবান সময় নষ্ট করার ঘটনা ঘটেছে। অপরাধীকে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।





