হেমা মালিনী বা প্রকাশ কৌর নন! ৯০ ছুঁই ছুঁই ধর্মেন্দ্রর প্রথম প্রেম ছিনিয়ে নিয়েছিল দেশভাগ! কে ছিলেন সেই হামিদা?

আর মাত্র ক’টা দিন পেরোলেই ৯০ বছরে পা দেবেন ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সদ্যই গুরুতর অসুস্থতা কাটিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি। তাঁকে আপাতত বাড়িতেই পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং গোটা পরিবার রয়েছে তাঁর সঙ্গে। এই সময়েই ফের আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবন এবং প্রথম জীবনের এক গোপন প্রেমকথা।

জানা যায়, ধর্মেন্দ্র বর্তমানে তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে একটি বাগানবাড়িতে বসবাস করেন, যদিও হেমা মালিনীর সঙ্গেও তাঁর বিবাহ বিচ্ছেদ হয়নি। অসুস্থতার সময় নিয়মিত হাসপাতালে এসেছিলেন প্রকাশ কৌর। তবে ধর্মেন্দ্রর জীবনে প্রথম ভালোবাসা হিসেবে এসেছিলেন প্রকাশ কৌর বা হেমা মালিনী— কেউই নন। দেশভাগের এক করুণ স্মৃতিতে জড়িয়ে আছে তাঁর প্রথম প্রেমের গল্প।

একটি শো-তে এসে অভিনেতা নিজেই তাঁর ছোটবেলার প্রেমিকার কথা ফাঁস করেন। সেই প্রেমিকার নাম ছিল হামিদা। দেশভাগের আগের ঘটনা, ১৯৪৭ সাল। ধর্মেন্দ্র যে গ্রামে থাকতেন, সেই গ্রামেই থাকতেন হামিদা, যিনি বয়সে অভিনেতার থেকে কিছুটা বড় ছিলেন। ধর্মেন্দ্র তখন ষষ্ঠ শ্রেণীতে পড়তেন এবং হামিদা ছিলেন অষ্টম শ্রেণীতে। তিনি ছিলেন ধর্মেন্দ্রর শিক্ষকের মেয়ে। লাজুক ধর্মেন্দ্র কেবল দূর থেকে হামিদাকে দেখতেন এবং তাঁর পাশে বসার জন্য মনে মনে আকুল হতেন। মুখে কখনও বলতে পারেননি তাঁর ভালো লাগার কথা। পরে তিনি এক কবিতায় সেই না বলা প্রেমের কথা লিখে রেখেছিলেন।

কিন্তু দেশভাগ এই নিষ্পাপ প্রেমের করুণ পরিসমাপ্তি ঘটায়। ১৯৪৭ সালে হামিদা তাঁর পরিবারের সঙ্গে পাকিস্তানে চলে যান। ছোটবেলার সেই লাজুক প্রেম চিরতরে হারান ধর্মেন্দ্র। এরপর আর কোনোদিন তাঁদের দেখা হয়নি।