‘স্প্লিটসভিলা’ খ্যাত শচীনের বিরুদ্ধে শ্লীলতাহানির ভয়াবহ অভিযোগ সিমরান খানের!

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সিমরান খান ‘স্প্লিটসভিলা ১৬’-এ অংশগ্রহণের পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছেন। তবে এবার তিনি কোনো শো-এর জন্য নয়, বরং প্রাক্তন প্রতিযোগী ও কোরিওগ্রাফার শচীন শর্মার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগের জন্য শিরোনামে উঠে এসেছেন। ইউটিউবার ভাবিয়া সিং-এর পডকাস্টে সিমরান বিস্ফোরক সব তথ্য ফাঁস করেছেন।
সিমরানের দাবি, স্প্লিটসভিলায় যোগ দেওয়ার আগে থেকেই তিনি শচীনকে চিনতেন। শচীন তাঁর নাচের ক্লাসে সিনিয়র ছিলেন। সিমরানের অভিযোগ, এক পার্টির পর শচীন তাঁকে বাড়িতে আমন্ত্রণ জানান। সিমরান প্রথমে রাজি না হলেও, বোনকে সঙ্গে নিয়ে যাওয়ার শর্তে শচীনের বাড়িতে যান। সেখানে শচীন তাঁর সঙ্গে অশালীন আচরণ করেন। সিমরানের অভিযোগ অনুযায়ী, চার বছর বয়সী বোনের সামনেই শচীন তাঁর পোশাকের ভেতরে হাত ঢুকিয়ে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করেন।
সিমরান জানান, ঘটনার পর শচীন তাঁর কাছে ক্ষমা চেয়ে ভুল স্বীকার করেছিলেন। তবে সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসার পর শচীনকে ঘিরে নেটিজেনদের তীব্র সমালোচনার ঝড় উঠেছে। সিমরানের কথায়, “শচীনের কোনো টিম আমার সঙ্গে যোগাযোগ করেনি, যা রটেছে তা মিথ্যে। আমি যা বলার বলে দিয়েছি, আর কোনো কথা বলতে চাই না।” রিয়্যালিটি শো-এর গ্ল্যামারের আড়ালে থাকা এই অন্ধকার ঘটনা বিনোদন জগতে চাঞ্চল্য সৃষ্টি করেছে। শচীনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।