সাতপাকে বাঁধা পড়লেন রোনাল্ডো-জর্জিনা, দীর্ঘ প্রতীক্ষার অবসান, ভাইরাল বিয়ের আংটির ছবি!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন ইনিংস শুরু করলেন বিশ্ব ফুটবলের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজ। বছরের পর বছর ধরে চলা জল্পনা-কল্পনা এবং বাগদানের আনুষ্ঠানিকতার পর, পর্তুগালে এক অনাড়ম্বর ব্যক্তিগত অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। এই বিশেষ মুহূর্তটির জন্য ভক্তরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন।
নিজেদের বিয়ের খবরটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে প্রকাশ করেছেন এই তারকা দম্পতি। কোনো জমকালো রিসেপশন বা হাই-প্রোফাইল অনুষ্ঠানের ছবি নয়, বরং হাতে পরা আংটির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁরা এই সুখবরটি বিশ্ববাসীকে জানান। ইতালীয় ফুটবল সাংবাদিক ফাব্রিজিও রোমানোও এই বিয়ের তথ্যটি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁদের পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং পাঁচ সন্তান, যারা এই বিশেষ দিনের সাক্ষী থাকলেন।
উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরেই রোনাল্ডোর নিজ শহর মাদেইরার ফুনচালের এস ক্যাথেড্রালে বিয়ের অনুষ্ঠান নিয়ে জোর গুঞ্জন চলছিল। ভক্তরা সেখানে ভিড়ও করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত জানা যায়, সেটি ছিল ভুল তথ্য। এমনকি রোনাল্ডো নিজেও সেই বিভ্রান্তি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। কিন্তু সমস্ত জল্পনাকে মিথ্যে প্রমাণ করে নিজেদের একান্ত নিজস্ব পরিসরে বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন করলেন তাঁরা।
রোনাল্ডো ও জর্জিনার প্রেমকাহিনি শুরু হয়েছিল ২০১৬ সালে মাদ্রিদের একটি গুচি স্টোরে, যেখানে জর্জিনা কর্মরত ছিলেন। ২০১৭ সালে ফিফা অ্যাওয়ার্ডসের রেড কার্পেটে প্রথমবার প্রকাশ্যে আসেন এই জুটি। পরবর্তীতে জর্জিনার নেটফ্লিক্স সিরিজ ‘আই অ্যাম জর্জিনা’-য় তাঁদের সম্পর্কের নানা অজানা দিক উঠে আসে। রোনাল্ডো জানিয়েছেন, সময়ের সঙ্গেই জর্জিনা তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন।
তাঁদের যৌথ পরিবারে রয়েছে দুই কন্যা আলানা ও বেলা। পাশাপাশি রোনাল্ডোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং যমজ সন্তান ইভা মারিয়া ও মাতেওকেও তাঁরা পরম মমতায় বড় করছেন। ২০২২ সালে যমজ সন্তান হারানোর মতো চরম ট্র্যাজেডি তাদের ব্যক্তিগত জীবনে নেমে এসেছিল, তবে সেই কঠিন সময়েও একে অপরের শক্ত অবলম্বন হয়ে থেকেছেন তাঁরা। ২০২৫ সালের ১১ আগস্ট বাগদান সারার ঠিক এক বছর পর, জীবনের সবচেয়ে বড় প্রতিশ্রুতি পূরণ করলেন এই তারকা দম্পতি। মাঠের মাঠের সফলতার পাশাপাশি ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় রোনাল্ডোর জীবনে নিয়ে এল এক পরম শান্তি।