মাঝপথেই বিদায় নিলেন নায়ক! ‘শুধু তোমারই জন্য’ ধারাবাহিকে বড়সড় পরিবর্তন

টলিউডের জনপ্রিয় ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এর সেটে বড়সড় রদবদল। ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র রাহুলের ভূমিকায় আর দেখা যাবে না অভিনেতা শুভ্রজিৎ সাহাকে। নিজের শারীরিক অসুস্থতার কারণে শো থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা নিজেই। রাহুল ও রাহির চরিত্রে শুভ্রজিৎ এবং দীপান্বিতা রক্ষিতের রসায়ন অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছিল। কিন্তু সেই জনপ্রিয়তার মাঝেও হঠাৎ এমন সিদ্ধান্তে অবাক অনুরাগীরা।
দীর্ঘদিন ধরেই শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন শুভ্রজিৎ। ধারাবাহিক শুরুর আগে একবার দুর্ঘটনার কবলে পড়ে তাঁর মাথায় চোট লেগেছিল, সেই অবস্থায় তিনি প্রোমো শুট করেছিলেন। সম্প্রতি ফের চোট পান অভিনেতা। পরীক্ষায় জানা যায় তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। চিকিৎসক কড়া বিশ্রামের নির্দেশ দিলেও, ধারাবাহিকের গল্পের স্বার্থে এবং দায়িত্ববোধ থেকে শুভ্রজিৎ একদিন অন্তর শুটিং চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শারীরিক কষ্ট ক্রমশ অসহ্য হয়ে ওঠে।
এদিন নিজের সমাজমাধ্যমের পাতায় রাহুলের চরিত্রের বিভিন্ন মুহূর্ত ও পায়ে প্লাস্টার করা ছবি পোস্ট করে শুভ্রজিৎ লেখেন, “সব কিছুর যেমন শুরু থাকে, তেমনই শেষ থাকে। কিন্তু শেষটা যে এভাবে হবে, তা ভাবিনি।” তিনি জানান, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরেও তিনি দুসপ্তাহ কাজ করেছেন। কিন্তু এমআরআই রিপোর্টে পায়ের জটিলতা ধরা পড়লে ডাক্তার সাফ জানিয়ে দেন, অবিলম্বে কাজ বন্ধ না করলে বড় বিপদ হতে পারে। ১০ ঘণ্টা হুইলচেয়ারে বসে শুটিং করায় তাঁর কোমর ও হাতেও প্রচণ্ড ব্যথা শুরু হয়। শেষ পর্যন্ত গল্পের স্বার্থে এবং প্রোডাকশনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে রাহুল চরিত্রের সঙ্গে নিজের পথচলা আপাতত থামানোর ঘোষণা করেন তিনি।
শুভ্রজিতের এই আকস্মিক বিদায়ের পর ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন। তবে কি বন্ধ হয়ে যাবে ‘শুধু তোমারই জন্য’? নাকি নতুন রাহুল হিসেবে কাউকে দেখা যাবে? টলিপাড়ার অন্দরে গুঞ্জন, নতুন রাহুল হিসেবে রবি সাউয়ের নাম শোনা যাচ্ছে। তবে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফে এখনো সরকারিভাবে কিছু জানানো হয়নি। অভিনেতা রবি সাউয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। প্রিয় নায়ককে মিস করবেন দর্শকরা, তবে এখন সবার নজর প্রযোজনা সংস্থার পরবর্তী সিদ্ধান্তের দিকে।