বিনোদন জগতে শোকের ছায়া, মাত্র ২৭ বছরেই বিদায় জানালেন জনপ্রিয় অভিনেতা হরি মুরালি

বিনোদন দুনিয়ায় ফের এক মর্মান্তিক নক্ষত্রপতন। বৃহস্পতিবার সকালে কেরালার পৈয়ানুরে নিজ বাসভবন থেকে উদ্ধার হলো অভিনেতা হরি মরালির ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। মাত্র ২৭ বছর বয়সেই কেন তিনি এমন চরম সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে শোকস্তব্ধ পরিবার ও অনুরাগীরা।

টিভি সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে প্রবেশ করা হরি মুরালি ‘রসিকন’, ‘অন্নন থাম্পি’, ‘মাদাম্বি’ এবং ‘অমর আকবর অ্যান্থনি’-র মতো প্রায় ৫০টি ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছিলেন। তবে পরবর্তীকালে অভিনয়ের জগৎ থেকে কিছুটা সরে এসে তিনি ভিএফএক্স এডিটিংকে নিজের নতুন পেশা হিসেবে বেছে নেন এবং মালায়লাম সিনেমা শিল্পে একজন দক্ষ ভিএফএক্স আর্টিস্ট হিসেবে পরিচিতি গড়ে তুলছিলেন। পৈয়ানুর বেবি মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর দেহের ময়নাতদন্ত করা হচ্ছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অন্যদিকে, শোকের ছায়া অমিতাভ বচ্চনের জীবনেও। সম্প্রতি এক কাছের বন্ধুকে হারিয়ে ভেঙে পড়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তায় বিগ বি লেখেন, “আরেকজন খুব কাছের বন্ধুকে হারালাম। অসীম স্নেহ এবং রসবোধে পরিপূর্ণ ছিলেন তিনি। বিশ্বাসই করতে পারছি না যে তিনি চলে গেছেন।” প্রিয়জনদের এমন অকাল প্রয়াণে বিদ্ধ বিনোদন জগৎ।