প্রাক্তন অবিনাশের অতীত ভুলে নতুন জীবনে পলক, ২৬ জুন বিয়ের ছবি শেয়ার করলেন অভিনেত্রী!

টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ তথা ‘বিগ বস ওটিটি ২’-এর প্রতিযোগী পলক পুরসওয়ানি দীর্ঘদিনের প্রেমিক মার্কেটিং প্রফেশনাল রোহান খান্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। গত ২৬ জুন তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইশা যোগ কেন্দ্রে একটি অত্যন্ত ঘরোয়া ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করার পরই নবদম্পতিকে শুভেচ্ছার বন্যায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
ইনস্টাগ্রামে নিজেদের বিয়ের একাধিক ছবি শেয়ার করেছেন এই জুটি। ক্যাপশনে আবেগঘনভাবে তাঁরা লিখেছেন, “কিছু প্রেমের গল্প ভাগ্যই লিখে রাখে। আমাদের গল্পটি মহাদেব নিজেই বেছে নিয়েছিলেন। দুটি আত্মা… চিরকালের জন্য এক হয়ে গেল।” বিয়ের দিন পলককে চিরাচরিত লাল লেহেঙ্গায় অপরূপা দেখাচ্ছিল, সঙ্গে ছিল মানানসই ঐতিহ্যবাহী গয়না। জমকালো আয়োজনের চেয়ে তাঁরা আধ্যাত্মিকতা ও শান্তিকে প্রাধান্য দিয়েছেন।
পলকের এই নতুন অধ্যায় শুরুর খবরে বিনোদন জগতে খুশির হাওয়া। কমেন্ট বক্সে ‘বিগ বস’ জয়ী মুনাওয়ার ফারুকি, মনীষা রানি এবং আকাঙ্ক্ষা পুরীর মতো তারকারা নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন। আকাঙ্ক্ষা পুরী আবেগপ্রবণ হয়ে লেখেন, “তোমার জন্য আমি খুবই খুশি পালকু, সারা জীবন ভালো থেকো।”
উল্লেখ্য, গত বছর এপ্রিল মাসে তুরস্কের ক্যাপাডোকিয়ায় রোহান খান্না পলককে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বাগদানের এক বছরের কিছু বেশি সময়ের পর তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করলেন। উল্লেখ্য, পলকের ব্যক্তিগত জীবন অতীতে বেশ চর্চায় ছিল। অভিনেতা অবিনাশ সচদেবের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারোর অজানা নয়। ২০১৯ সালে শুরু হওয়া সেই সম্পর্কে বাগদান হলেও, পরবর্তীতে তিক্ততার জেরে বিচ্ছেদ ঘটে। পলক অভিযোগ করেছিলেন যে, অবিনাশ তাঁকে প্রতারণা করেছিলেন। ভাগ্যের পরিহাসে পরবর্তীকালে পলক ও অবিনাশ দুজনেই ‘বিগ বস ওটিটি ২’-এর মঞ্চে সহ-প্রতিযোগী হিসেবে মুখোমুখি হয়েছিলেন। তবে সমস্ত অতীতকে পিছনে ফেলে আজ রোহানের সঙ্গে নতুন পথচলা শুরু করলেন পলক।