নরওয়ের পাহাড়ে রূপকথার মতো প্রস্তাব! বাগদান সারলেন ইমতিয়াজ আলির মেয়ে ইদা

বলিউডের জনপ্রিয় পরিচালক ইমতিয়াজ আলির জীবনে এখন খুশির হাওয়া। কারণ, তাঁর কন্যা ইদা আলি দীর্ঘদিনের প্রেমিক কৃষ আগরওয়ালের সঙ্গে তাঁদের সম্পর্কের নতুন অধ্যায়ে প্রবেশ করেছেন। সম্প্রতি নরওয়ের মনোরম সমুদ্রসৈকত ইত্রেসান্দ-এ এক রোমান্টিক পরিবেশে ইদাকে বিয়ের প্রস্তাব দেন কৃষ। সেই বিশেষ মুহূর্তের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ইমতিয়াজ-কন্যা, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়।
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাহাড় আর সমুদ্রের পটভূমিতে হাঁটু গেড়ে বসে ইদাকে আংটি পরাচ্ছেন কৃষ। ক্যাপশনে ইদা লিখেছেন, “০১/০৭/২৬, রাত ১১টা, ইত্রেসান্দ”। এই আবেগঘন পোস্টের পর থেকেই বলিউড তারকা থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তাঁর কমেন্ট বক্স। খুশি কাপুর, শর্বরী এবং ভেদাং রায়নার মতো তারকারা এই জুটিকে তাঁদের নতুন জীবনের শুরুর জন্য অভিনন্দন জানিয়েছেন।
কে এই কৃষ আগরওয়াল?
ইদার বাগদত্ত কৃষ আগরওয়াল ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরের মানুষ। প্রচারের আলো থেকে বরাবরই নিজেকে দূরে রাখতে পছন্দ করা এই যুবক বলিউডের অন্যতম বড় পরিচালকের মেয়ের সঙ্গে সম্পর্কে থাকা সত্ত্বেও নিজের ব্যক্তিগত জীবন গোপনেই রেখেছেন। পেশাগত জীবন সম্পর্কে বিশেষ তথ্য পাওয়া না গেলেও, গত কয়েক বছর ধরেই ইদার সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে অনুরাগীরা তাঁদের সম্পর্কের গভীরতা লক্ষ্য করে আসছিলেন।
ইদার নিজস্ব পরিচয়
ইমতিয়াজ আলি এবং প্রীতি আলির কন্যা হয়েও ইদা নিজের জন্য বেছে নিয়েছেন এক স্বতন্ত্র পথ। ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার নেপথ্যে গল্প বুনতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান ইউনিভার্সিটি থেকে সিনেমা তৈরির ওপর পড়াশোনা শেষ করে তিনি ইতিমধ্যেই নিজের দক্ষতা প্রমাণ করেছেন। ‘লিফট’, ‘মায়া’ এবং ‘থাই ম্যাসাজ’-এর মতো প্রজেক্টে পরিচালনার কাজ করেছেন তিনি। অ্যামাজন মিনিটিভির ‘উলঝে হুয়ে’ সিরিজের চিত্রনাট্য লেখার পাশাপাশি ‘রিফ্রেশ’ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলেছেন, যা তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করে। নিজের সৃজনশীলতা ও লেখনীর মাধ্যমে তিনি চলচ্চিত্র জগতে নিজের এক আলাদা পরিচয় গড়ে তুলেছেন।
বর্তমানে ইমতিয়াজ আলি তাঁর সাম্প্রতিক ছবি ‘ম্যায়ঁ ওয়াপাস আউঙ্গা’-র সাফল্য উপভোগ করছেন। একদিকে বাবার পেশাগত সাফল্য, অন্যদিকে মেয়ের জীবনের এক নতুন মোড়—সব মিলিয়ে আলি পরিবারে এখন উৎসবের আমেজ। যদিও বিয়ে কবে হবে, সেই তারিখ এখনও খোলসা করেননি এই ‘কিউট কাপল’। তবে অনুরাগীরা এখন থেকেই তাঁদের বিয়ের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন।