টম ক্রুজের ডাবল ধামাকা, আসছে ‘টপ গান ৩’ এবং ‘ডেজ অফ থান্ডার’

‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’-এর সাফল্যের পর হলিউডের কিংবদন্তী অভিনেতা টম ক্রুজ আবারও বড় পর্দায় ঝড় তোলার জন্য প্রস্তুত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়ে দিলেন তাঁর হাতে রয়েছে একগুচ্ছ নতুন প্রোজেক্ট, যা তাঁর ভক্তদের উচ্ছ্বসিত করে তুলেছে। ‘টপ গান: ম্যাভেরিক’-এর পর আসছে সেই সিরিজের পরবর্তী কিস্তি, আর এর পাশাপাশি নব্বই দশকের জনপ্রিয় ছবি ‘ডেজ অফ থান্ডার’-এর সিক্যুয়েলও ফিরছে।

টম ক্রুজ জানান, “হ্যাঁ, এইমুহূর্তে আমরা অনেক গল্প নিয়ে ভাবছি। কী কী করা যায়, কীভাবে এগোনো যায়… সেটা নিয়েই চর্চা চলছে। টপ গানের পর টপ গান: ম্যাভেরিক করতে ৩৫ বছর লেগেছিল, এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও অনেক কিছু করছি। ম্যাভেরিক, ডেজ অফ থান্ডার— সব নিয়েই চলছে আলোচনা।”

‘টপ গান ৩’-এর অপেক্ষায় দর্শক
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘টপ গান: ম্যাভেরিক’ শুধু বক্স অফিসে ১.৪ বিলিয়ন ডলার রোজগার করেই ক্ষান্ত হয়নি, এটি দর্শকের কাছে একটি জমকালো ‘অনুষ্ঠান’ হয়ে দাঁড়িয়েছিল। ১৯৮৬ সালের টম ক্রুজের বহুল জনপ্রিয় ছবি ‘টপ গান’-এর এই সিক্যুয়েলটি ছয়টি অস্কার নমিনেশনও পায়, যার মধ্যে ‘সেরা ছবি’র নমিনেশনও ছিল। এই ছবির আকাশছোঁয়া সাফল্যের পরই প্যারামাউন্ট পিকচার্স নিশ্চিত করে যে, টম ক্রুজ আবারও পিট ‘ম্যাভেরিক’ মিচেল-এর ভূমিকায় ফিরছেন। এহরেন ক্রুগারকে দিয়ে ইতিমধ্যেই ‘টপ গান ৩’-এর চিত্রনাট্য লেখা শুরু হয়ে গেছে। এই ছবিতে গ্লেন পাওয়েল এবং মাইলস টেলারও ফিরতে পারেন বলে জোর জল্পনা চলছে। পরিচালনার দায়িত্বে থাকতে পারেন জোসেফ কোসিনস্কি অথবা ‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ খ্যাত পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি।

‘ডেজ অফ থান্ডার’-এর প্রত্যাবর্তনে অনুরাগীরা উচ্ছ্বসিত
‘টপ গান ৩’-এর পাশাপাশি ‘ডেজ অফ থান্ডার’-এর সিক্যুয়েলের খবরেও অনুরাগীদের উত্তেজনা তুঙ্গে। ১৯৯০ সালে মুক্তিপ্রাপ্ত রেসিং-ভিত্তিক ছবি ‘ডেজ অফ থান্ডার’ আজও ভক্তদের হৃদয়ে গেঁথে আছে। সেই ছবিতে টম ক্রুজ কোল ট্রিকল নামে এক রকেট-গতির রুকি রেসারের ভূমিকায় ছিলেন। নিকোল কিডম্যান ও রবার্ট ডুভালও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। মুক্তির সময় মিশ্র প্রতিক্রিয়া পেলেও, সময়ের সাথে সাথে এই ছবিটি একটি নিখাদ কাল্ট ক্লাসিকে পরিণত হয়। আর এবার সেই গল্পেই ফিরছেন ক্রুজ।

একসাথে একাধিক প্রোজেক্টে টম ক্রুজ
টম ক্রুজ আরও বলেন, “আমি একটার পর একটা ছবি করছি— শুটিং, প্রস্তুতি, পোস্ট-প্রোডাকশন— সব চলছে একসঙ্গে। আমি ‘দ্য রেভেনেন্ট’ ছবিখ্যাত পরিচালক আলেহান্দ্রো ইনারিতুর সঙ্গে এক দারুণ ছবি শেষ করলাম, সেটাও শিগগির আসছে। পাশাপাশি আমি আর ক্রিস্টোফার ম্যাককোয়ারি একসঙ্গে আরও অনেক প্রজেক্টে কাজ করছি।”

তাঁর সাম্প্রতিক রিলিজ ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রেকনিং’ কানে প্রিমিয়ার হয়েছিল, যেখানে টম ক্রুজকে দাঁড়িয়ে ৭.৫ মিনিট লম্বা এক উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

বক্স অফিসে একের পর এক ব্লকবাস্টার দিয়ে টম ক্রুজ প্রমাণ করেছেন, তিনি এখনও থামেননি, থামবেনও না! একদিকে ম্যাভেরিকের আকাশে উড়ান, অন্যদিকে রেস ট্র্যাকে ‘ডেজ অফ থান্ডার’-এর গতি— টম ক্রুজ আসছেন ফুল থ্রটলে— এবং এবার অনেক বড় বিস্ফোরণ নিয়ে! তাঁর এই নতুন পরিকল্পনাগুলো দর্শক মহলে কতটা সাড়া ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy