বলিউডের অন্দরমহলে এখন একটাই নাম চর্চায়— মৌনী রায়। টিনসেল টাউনের বাতাসে গত কয়েকদিন ধরেই ভাসছে অভিনেত্রীর ঘর ভাঙার বিষণ্ণ সুর। দুবাইয়ের ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার স্বামী সুরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনীর দূরত্ব এখন কয়েক যোজন। বিচ্ছেদের এই দাবানলের মতো ছড়িয়ে পড়া খবরের মাঝেই বুধবার রাতে মুম্বইয়ের রাস্তায় দেখা মিলল ‘নাগিন’ খ্যাত এই অভিনেত্রীর। তবে একা নন, এক বিশেষ মানুষের সঙ্গে ডিনার ডেটে গিয়ে ক্যামেরাবন্দি হলেন তিনি।
বুধবার রাতের মায়াবী মুম্বইয়ে পাপারাৎজিদের লেন্সে ধরা দিলেন মৌনী। পরনে ছিল একটি কালো বডিকন শর্ট ড্রেস, যার নিচের অংশটি ছিল স্বচ্ছ বা ‘শিয়ার’ কাপড়ের। বিচ্ছেদের জল্পনা নিয়ে যখন গোটা নেটপাড়া উত্তাল, তখন মৌনীর চোখেমুখে ছিল এক অদ্ভুত নির্লিপ্ততা। ডিনার সেরে রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় আলোকচিত্রীরা তাঁকে ঘিরে ধরলেও কোনও মন্তব্য করেননি তিনি। বরং বেশ দ্রুত পায়ে হেঁটে নিজের গাড়িতে গিয়ে বসেন।
মৌনীর এই রহস্যময় ডিনারের সঙ্গী কে ছিলেন? জানা গিয়েছে, এদিন ছিল তাঁর প্রিয় বন্ধু রূপালী কাদিয়ানের জন্মদিন। বান্ধবীর বিশেষ দিনটিকে উদযাপন করতেই এই ডিনার ডেটের পরিকল্পনা করেছিলেন অভিনেত্রী। সকালে সোশ্যাল মিডিয়ায় রূপালীর উদ্দেশ্যে একটি আবেগঘন পোস্টও করেন মৌনী। সেখানে রূপালীকে নিজের ‘বোন’ এবং ‘ডাইনি’ বলে মজা করে সম্বোধন করে তিনি লিখেছিলেন, “আমার বোন, রোদ হোক বা ঝড়— তুমি সবসময় আমার পাশে আছো।”
কিন্তু আগ্নেয়গিরি ছাড়া কি আর ধোঁয়া ওঠে? নেটিজেনরা লক্ষ্য করেছেন, মৌনী এবং সূরজ একে অপরকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন। শুধু তাই নয়, গুঞ্জন বাড়তেই সূরজ তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি পর্যন্ত ডিলিট করে দিয়েছেন। এই ‘ডিজিটাল দূরত্বই’ মূলত বিচ্ছেদের জল্পনায় ঘি ঢেলেছে। ২০২২ সালের জানুয়ারিতে গোয়ার সমুদ্রসৈকতে মালায়ালি ও বাঙালি রীতিতে ধুমধাম করে বিয়ে করেছিলেন এই জুটি। সেই রূপকথার বিয়ে কি তবে মাত্র চার বছরেই ফিকে হয়ে যাচ্ছে?
অবশ্য মৌনী নিজে এই বিষয়ে সম্পূর্ণ চুপ থাকেননি। ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করে তিনি বিনীতভাবে জানিয়েছেন, “সব সংবাদমাধ্যমের কাছে আমার অনুরোধ, দয়া করে কোনও ভুল তথ্য ছড়াবেন না। আমাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে একটু গুরুত্ব দিন।” তবে অভিনেত্রীর এই অনুরোধে সাধারণ মানুষের কৌতূহল কমেনি। একদিকে স্বামীর নিরুদ্দেশ হয়ে যাওয়া প্রোফাইল, আর অন্যদিকে মৌনীর এই রহস্যময় ডিনার ডেট— সব মিলিয়ে এই মুহূর্তে বিনোদন জগতের সবচেয়ে বড় রহস্য হয়ে দাঁড়িয়েছে মৌনী রায়ের দাম্পত্য জীবন।





