মিউজিক স্ট্রিমিং দুনিয়ার সম্রাট স্পটিফাই এবার ভারতীয় ব্যবহারকারীদের জন্য নিয়ে এল বিশাল চমক। বর্তমান ডিজিটাল যুগে গান শোনার অভ্যাসে বিপ্লব ঘটিয়েছে এই সুইডিশ অ্যাপটি। লেটেস্ট মিউজিক থেকে শুরু করে পডকাস্ট কিংবা অডিও সিরিজ—সবই এখন হাতের মুঠোয়। তবে এবার শুধু পরিষেবায় নয়, খরচের হিসেবেও বড় পরিবর্তন আনল সংস্থাটি। ইউটিউব মিউজিকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ভারতে তাদের প্রিমিয়াম প্ল্যানগুলির দাম একধাক্কায় অনেকটাই কমিয়ে দিল স্পটিফাই।
বুধবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, স্পটিফাই প্রিমিয়াম স্ট্যান্ডার্ড প্ল্যান, যার দাম আগে ছিল ১৯৯ টাকা, তা এখন কমে দাঁড়িয়েছে মাত্র ১৩৯ টাকায়। শুধু তাই নয়, পড়ুয়াদের জন্য সুখবর আরও বেশি। স্টুডেন্ট প্ল্যানের দাম ৯৯ টাকা থেকে কমিয়ে মাত্র ৬৯ টাকা করা হয়েছে। তবে এই স্টুডেন্ট প্ল্যানটি উপভোগ করার জন্য বেশ কিছু কড়া নিয়ম মেনে চলতে হবে। ব্যবহারকারীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া হতে হবে। ভেরিফিকেশনের জন্য ভর্তির কাগজ বা আইডি কার্ড জমা দেওয়া বাধ্যতামূলক।
দাম কমানোর পাশাপাশি একটি দুঃসংবাদও রয়েছে। ২০২৫ সালের নভেম্বর মাসে লঞ্চ হওয়া ‘প্রিমিয়াম লাইট’ প্ল্যানটি মাত্র ছয় মাসের মাথায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পরিবর্তে উচ্চমানের অডিও অভিজ্ঞতার জন্য আনা হয়েছে ‘স্পটিফাই প্ল্যাটিনাম’ প্ল্যান, যার মাসিক খরচ রাখা হয়েছে ২৯৯ টাকা। প্রিমিয়াম সাবস্ক্রাইবাররা বিজ্ঞাপনহীন মিউজিক এবং ৩২০ কেবিপিএস হাই-ডেফিনিশন অডিও আউটপুট পাবেন, যা গান শোনার অভিজ্ঞতাকে এক অন্য মাত্রায় নিয়ে যাবে।
বিশেষজ্ঞদের মতে, ভারতীয় বাজারে ইউটিউব মিউজিক ও অ্যাপল মিউজিকের ক্রমবর্ধমান জনপ্রিয়তার সঙ্গে টক্কর দিতেই স্পটিফাই এই ‘প্রাইস কাট’ কৌশল গ্রহণ করেছে। মূলত তরুণ প্রজন্ম এবং পড়ুয়াদের নিজেদের প্ল্যাটফর্মে ধরে রাখাই সংস্থার প্রধান লক্ষ্য। মুড অনুযায়ী গান রেকমেন্ড করার শক্তিশালী অ্যালগরিদমের পাশাপাশি এই নতুন দামের তালিকা স্পটিফাই-এর জনপ্রিয়তা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।





