‘শেষ ছবি’র ভবিষ্যদ্বাণী কি সত্যিই মিলে গেল? অনীক দত্তর সঙ্গে শেষ মুহূর্তের স্মৃতিচারণায় আবেগপ্রবণ আবির

প্রয়াত পরিচালক অনীক দত্ত। অনীক দত্ত নির্মিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’। আর সেই ছবির পোস্টার আজও পরিচালকের সামাজিক মাধ্যমের পাতার কভারে জ্বলজ্বল করছে। আর সেই ছবির নায়ক আবির চট্টোপাধ্যায়। অনীক দত্তকে নিয়ে মর্মান্তিক ঘটনার কথা জানার পর দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ছুটে যান আবির। গোটা ঘটনায় অন্যদের মতো স্তম্ভিত এবং শোকাহত তিনিও। অনীক দত্ত পরিচালিত শেষ ছবি ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তি পায় ২০২৫-এর ২৬ সেপ্টেম্বর। ছবি মুক্তির আগে এক সাংবাদিক বৈঠকে পরিচালক নিজেই জানান, “এটাই আমার শেষ ছবি।” তখন ভক্তরা প্রতিবাদ জানালে মুচকি হেসেছিলেন অনীক। আর সত্যিই সেটাই ঘটল। কিন্তু যেভাবে হলো তা ভাবতে পারেনি কেউই।

ভাবতে পারেননি তাঁর শেষ ছবির নায়ক আবিরও। অভিনেতা বলেন, “এই ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। আমরা কেউ ভাবিনি এবং কেউ চাইনি এটা অনীক দা’র শেষ ছবি হয়ে থাক। সেটাই সবথেকে বেশি খারাপ লাগছে। প্রযোজক ফিরদৌসল হাসান ও অনীক দা’র পুরনো টিম সবাই মিলে ঠিক করছিল আরেকটা ছবি নিয়ে আসার। গত সপ্তাহেও মিটিং হয়েছিল। অর্থাৎ অনীক দা আবার রেডি হচ্ছিলেন আরেকটা ছবি করার জন্য।” প্রসঙ্গত, ‘যত কাণ্ড কলকাতাতেই’ মুক্তির আগে প্রচার নিয়ে কিছুটা গুঞ্জন শোনা গেলেও আবির জানান, সেই রেশ বহু আগেই কেটে গিয়েছিল। তিনি বলেন, “আমরা ভুলে যাই খুব তাড়াতাড়ি। আর এটাই হয়তো অনীক দা’র মন খারাপের জায়গা ছিল। ৫০ দিনের উদযাপনেও আমি গিয়েছি। সাকসেস পার্টিতেও গিয়েছি। সেখানেও মজা হয়েছিল। কাজটাকে ভীষণ ভালোবাসতেন অনীক দা।”

অনীক দত্তর রাগী স্বভাবের প্রসঙ্গ তুললে আবির বলেন, “সবাই বকা খেয়েছে অনীক দা’র। কিন্তু সবাই জানত যে ওটা কোনো বিদ্বেষ থেকে নয়। শুটিং শেষ হয়ে গেলে আবার গল্পও করতেন। একটা মানুষ তখনই এটা করতে পারে যখন সে ভিতর থেকে পরিষ্কার থাকে, তার মধ্যে কোনো মারপ্যাঁচ থাকে না। অত্যন্ত পরিষ্কার মনের মানুষ ছিলেন অনীক দা।” আবিরের কথায়, এমন স্পষ্টবাদী মানুষ এখন খুব কম দেখা যায়। তিনি মনে করেন, অনীক দত্তর অভাব আজীবন অনুভূত হবে। আবির আরও যোগ করেন, “অনেকের সঙ্গে হয়তো মত মেলেনি তাঁর। কিন্তু যেটা মনে হয়েছে বলে দিয়েছেন। এতটুকু পিছপা হননি। খুব কম লোকের মধ্যে এই গুণ আছে। সেটা ছিল অনীক দা’র মধ্যে।” অনীক দত্তর চলে যাওয়ায় শুধু বাংলা চলচ্চিত্র জগত নয়, একজন অভিভাবককে হারালেন আবির চট্টোপাধ্যায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy