আপ ছেড়ে বিজেপিতে রাঘব! নেপথ্যে কি শ্যালিকা প্রিয়াঙ্কা চোপড়া? সিধু-পত্নীর দাবিতে তোলপাড় রাজনীতি!

দেশের রাজনীতিতে এখন সবথেকে বড় আলোচনার বিষয় আম আদমি পার্টির (AAP) একসময়ের ‘পোস্টার বয়’ রাঘব চাড্ডার নাটকীয় দলবদল। অরবিন্দ কেজরিওয়ালের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাঘব সম্প্রতি ঝাড়ু ছেড়ে হাতে তুলে নিয়েছেন পদ্ম পতাকা। এই দলবদল নিয়ে যখন দেশজুড়ে বিতর্কের ঝড় বইছে, ঠিক তখনই এক বিস্ফোরক দাবি করে আগুনের ঘি ঢাললেন প্রাক্তন ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধুর স্ত্রী নবজ্যোৎ কৌর সিধু। তাঁর দাবি, রাঘবের এই আকস্মিক সিদ্ধান্তের নেপথ্যে কোনো রাজনৈতিক আদর্শ নয়, বরং রয়েছেন তাঁর গ্লোবাল আইকন শ্যালিকা প্রিয়াঙ্কা চোপড়া!

একটি জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে নবজ্যোৎ কৌর দাবি করেন, রাঘব চাড্ডার ওপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) খাঁড়া ঝোলার প্রবল আশঙ্কা ছিল। আপ-এর অন্দরে একদিকে যেমন তিনি কোণঠাসা হচ্ছিলেন, অন্যদিকে দিল্লির আবগারি দুর্নীতি বা অন্য কোনো মামলার জাল তাঁর দিকে গুটিয়ে আসছিল। এই সংকট বুঝতে পেরেই আসরে নামেন ‘দেশি গার্ল’। বোন পরিণীতি চোপড়া যাতে কোনো আইনি বা রাজনৈতিক বিপদে না পড়েন এবং তাঁর বৈবাহিক জীবন ও স্বামীর ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, সেই কারণেই নাকি প্রিয়াঙ্কা উদ্যোগ নিয়ে রাঘবকে বিজেপিতে যাওয়ার পরামর্শ দেন।

নবজ্যোৎ কৌরের কথায়, “প্রিয়াঙ্কা চোপড়া অত্যন্ত বুদ্ধিমতী। তিনি বুঝতে পেরেছিলেন যে রাঘবকে টার্গেট করা হচ্ছে। বোনকে সুরক্ষিত রাখতেই তিনি রাঘবকে বিজেপিতে যাওয়ার জন্য চাপ দেন।” সিধু-পত্নী আরও দাবি করেছেন যে, রাঘব দল ছাড়ছেন সেটা আপ নেতারা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন। গত দেড় বছর ধরে রাঘব তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে দোটানায় ছিলেন এবং দলে তাঁর নীরবতা নিয়েও জলঘোলা হচ্ছিল।

তবে এই ভোলবদল রাঘবের জন্য খুব একটা সুখকর হয়নি ডিজিটাল দুনিয়ায়। জানা গিয়েছে, বিজেপিতে যোগ দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ইনস্টাগ্রামে রাঘব চাড্ডার ফলোয়ার সংখ্যা প্রায় ২০ লক্ষ কমে গিয়েছে। তরুণ প্রজন্মের ভোটাররা তাঁর এই ‘সুবিধাবাদী’ রাজনীতিকে ভালোভাবে গ্রহণ করেননি। অভিনেতা প্রকাশ রাজ এবং অভিনেত্রী কুনিকা সদানন্দও রাঘবের এই আদর্শ বদল নিয়ে কড়া সমালোচনা করেছেন। রাঘব সত্যিই ইডির ভয়ে নাকি প্রিয়াঙ্কার পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন, তা নিয়ে চোপড়া পরিবার এখনও মুখে কুলুপ এঁটে থাকলেও, সিধু-পত্নীর এই দাবি দিল্লির রাজনৈতিক অলিন্দে নতুন সমীকরণ তৈরি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy