বলিউডের গ্ল্যামার জগতে মালাইকা অরোরা এক অনন্য নাম। ৫২ বছর বয়সেও তিনি যেভাবে নিজের ফিটনেস এবং সৌন্দর্য ধরে রেখেছেন, তা অনেক তরুণীর কাছেও ঈর্ষণীয়। ২৩ বছর বয়সী ছেলে আরহান খানের মা হয়েও মালাইকা আজও বিটাউনের অন্যতম চর্চিত ব্যক্তিত্ব। তবে সম্প্রতি নিজের বয়স এবং সমাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে এক পডকাস্টে বিস্ফোরক মন্তব্য করেছেন এই অভিনেত্রী। ‘দ্য রাইট অ্যাঙ্গেল’ পডকাস্টে এসে তিনি প্রশ্ন তুলেছেন, কেন কেবল নারীদের বয়স বাড়লেই তাদের সৌন্দর্য এবং আকর্ষণ নিয়ে প্রশ্ন তোলা হয়, অথচ পুরুষদের ক্ষেত্রে সমাজ থাকে একদম নিশ্চুপ?
মালাইকার মতে, বয়স বাড়ার সাথে সাথে একজন নারীর চেহারার পরিবর্তন নিয়ে সমাজের এক অদ্ভুত কৌতূহল কাজ করে। তিনি বলেন, “এমন দিন যায় যখন এই বিষয়গুলো আমার মাথায় আসে, আমি নিজেকে প্রশ্ন করি। আবার এমন দিনও আসে যখন এই সব কিছুকে পাত্তা দিই না। কারণ আমি জানি আমি সেটাই করছি যা আমি ভালোবাসি।” মালাইকা সাফ জানিয়েছেন যে তিনি এখন নিজের জীবনের শ্রেষ্ঠ সময়ে আছেন এবং এখনও অনেক কাজ করা বাকি আছে। কিন্তু তার আক্ষেপ, একজন নারীর কাছে সবসময় আশা করা হয় যে তিনি দেখতে কেমন তা তিনি বারবার বর্ণনা করবেন। সমাজ তাকে জিজ্ঞেস করে— ‘আপনি কি এখনও নিজেকে সুন্দরী মনে করেন?’, ‘এই বয়সে আপনার কেমন লাগে?’। মালাইকার প্রশ্ন, পুরুষদের কি কখনও এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হয়?
মালাইকা মনে করেন, সৌন্দর্য মানে কেবল বাহ্যিক জৌলুস নয়। পৃথিবী হয়তো প্রথমে সেটাই দেখে, কিন্তু তার চেয়েও বড় হলো মানসিক, আবেগগত এবং আধ্যাত্মিক শান্তি। তিনি বলেন, “আমি সকালে ঘুম থেকে উঠে ভাবি না যে আমাকে দেখতে কতটা ভালো লাগছে। আমরা নারীরা ভাবি কিছু সৃষ্টি করার কথা, পরিবার ও সন্তানের জন্য গর্ব করার মতো কোনো ঐতিহ্য রেখে যাওয়ার কথা।” মালাইকা চান, নারী ও বয়স নিয়ে যে অবিরাম আলোচনা ও শিরোনাম তৈরি হয়, তা এবার বন্ধ হোক।
তিনি আরও যোগ করেন, “সবসময় কেন বলা হবে ‘এই বয়সেও তাকে ভালো লাগে’? আমি বিশ বছর আগে যেমন ছিলাম, এখনও তেমনই আছি এবং ভবিষ্যতেও তেমনই থাকব।” মালাইকার এই সাহসী বার্তা প্রতিটি নারীর জন্য এক অনুপ্রেরণা। তিনি মনে করেন, প্রত্যেক নারীর উচিত কোনো দ্বিধা ছাড়াই নিজের আত্মবিশ্বাসকে গ্রহণ করা এবং নিজের পথচলাকে উদযাপন করা।





