সাত খুন মামলার বিতর্কিত অতীত থেকে অদ্ভুত তত্ত্ব! সম্রাট চৌধুরীর কথায় হাসির রোল দেশজুড়ে

শব্দের জাদুতে নাকি কথার প্যাঁচে? বিহারের রাজনীতিতে ফের এক অবিশ্বাস্য শব্দবিতর্ক তৈরি করলেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী (Samrat Choudhary)। দিল্লির এক মেগা মঞ্চ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা ও অপরাধের পরিসংখ্যান নিয়ে তাঁর করা একটি মন্তব্য ঘিরে এখন রাজনৈতিক মহলে বইছে সমালোচনার ঝড়। বিরোধীদের তীব্র উপহাস এবং সোশ্যাল মিডিয়ায় উপচে পড়া মিমের জোয়ারে রীতিমতো বেকায়দায় পড়েছে শাসক শিবির।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)-এর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এক অদ্ভুত ও দুর্বোধ্য মন্তব্য করে বসেন সম্রাট চৌধুরী। তাঁর বক্তব্য ছিল, “আমাদের এখানে কোনও ‘অপরাধ’ নেই। অপরাধের ধারণাই পুরোপুরি শেষ হয়ে গেছে। ‘ক্রাইম’ হতে পারে, কিন্তু কোনও অপরাধ নেই, এখানে কোনও অপরাধীও নেই।” মুখ্যমন্ত্রীর এমন দার্শনিক চাতুর্য ও তাত্ত্বিক বিভ্রান্তি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শুরু হয়ে গেছে তুমুল রাজনৈতিক দড়িটানাটানি।

মুখ্যমন্ত্রীর এই মন্তব্য হাতছাড়া করেনি প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল (RJD)। তেজস্বী যাদব তাঁর এক্স (X) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের ভিডিও ক্লিপ শেয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি কটাক্ষ করে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সত্যিই এমন একজন নেতার নেতৃত্বে বিহারকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চান? পাশাপাশি মঞ্চে বসে থাকা আমলারা এমন মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করে নিজেদের সম্মানিত না অপমানিত বোধ করছেন, সেই প্রশ্নও তুলেছেন তেজস্বী। অন্যদিকে, কংগ্রেস নেতা পবন খেরা ব্যঙ্গের সুরে লিখেছেন, “দারিদ্র্য থাকতে পারে, কিন্তু গরিব বলে কেউ নেই।” সবমিলিয়ে সম্রাট চৌধুরীর এই মন্তব্য বিহারের রাজনীতিতে এখন সবচেয়ে বড় হটকেক।