“কলেজে পড়লেই মিলবে ৫০ হাজার টাকা!”-কোন বর্ষে কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে? জেনে নিন খুঁটিনাটি

আসন্ন উৎসবের মরশুমের আগেই সাধারণ মানুষ ও পড়ুয়াদের জন্য একগুচ্ছ বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করল রাজ্য সরকার। সোমবার মন্ত্রিসভার (ক্যাবিনেট) গুরুত্বপূর্ণ বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক জনমুখী প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা থেকে শুরু করে তফশিলি জাতি (SC) ও উপজাতি (ST) পড়ুয়াদের হস্টেলের খাবারের খরচ এবং ‘কর্মবন্ধু’-দের ভাতা বৃদ্ধির মতো বড় ঘোষণা করেছেন তিনি।

১. কলেজ ছাত্রীদের জন্য ‘ভগিনী নিবেদিতা স্কিম’

রাজ্য সরকারের সংকল্পপত্রে আগেই এই প্রকল্পের প্রতিশ্রুতির কথা বলা হয়েছিল। সেই মতো আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকেই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে ‘ভগিনী নিবেদিতা স্কিম’। উচ্চশিক্ষায় উৎসাহ জোগাতে অবিবাহিত মেয়েদের এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, চার বছরের কলেজ পাঠকালে ছাত্রীরা মোট ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পাবেন। কিস্তির বিন্যাসটি হলো—

  • প্রথম বর্ষের পর: ১৭,০০০ টাকা

  • দ্বিতীয় বর্ষের পর: ১৭,০০০ টাকা

  • তৃতীয় বর্ষের পর: ১৬,০০০ টাকা

এবছর যাঁরা কলেজে ভর্তি হয়েছেন, তাঁরাও আগামী বছর থেকে এই প্রকল্পের সুবিধা হাতে পাবেন। সরাসরি ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই টাকা ট্রান্সফার করা হবে।

২. SC-ST পড়ুয়াদের হস্টেল ভাতার বরাদ্দ বৃদ্ধি

এদিন তফশিলি জাতি ও উপজাতির ছাত্র-ছাত্রীদের জন্যও বড় স্বস্তির খবর দিয়েছেন মুখ্যমন্ত্রী। হস্টেলে থেকে পড়াশোনা করেন এমন SC এবং ST পড়ুয়াদের খাবারের মাসিক বরাদ্দ ১৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩৩০০ টাকা করা হয়েছে। এক ধাক্কায় ১৫০০ টাকা মাসিক বরাদ্দ বাড়ল। আগামী নভেম্বর মাস থেকেই এই বর্ধিত হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

৩. কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি

ছাত্রী ও পড়ুয়াদের পাশাপাশি কর্মবন্ধুদের বেতন বৃদ্ধির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এতদিন কর্মবন্ধুরা মাসিক ৫০০০ টাকা করে ভাতা পেতেন। সেই অঙ্ক বাড়িয়ে এবার ৮০০০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।