রাহুল গান্ধীর দাবি সম্পূর্ণ ভুয়ো! ফর্ম-৬ বিতর্ক উস্কে দিয়ে নির্বাচন কমিশনের সপাটে করা ফ্য়াক্ট চেক ঘিরে তুমুল শোরগোল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া চলাকালীন ‘ফর্ম ৬’ (Form 6) এ পরিবর্তন আনা নিয়ে রাজনৈতিক ময়দানে উত্তেজনার পারদ চড়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি গুরুতর দাবিকে খণ্ডন করে সোমবার একটি স্পষ্ট ফ্যাক্ট চেক প্রকাশ করেছে ভারতের নির্বাচন কমিশন (ECI)। কমিশনের সাফ দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার অবৈধ বা একতরফাভাবে ফর্ম ৬-এ কোনো পরিবর্তন এনেছেন— রাহুল গান্ধীর এই অভিযোগ সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

কী বলছে নির্বাচন কমিশনের ফ্যাক্ট চেক? কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের জন্য বিগত ২০২৫ সালের ২৪ জুন যে আদেশ জারি করা হয়েছিল, তা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সর্বসম্মত অনুমোদন নিয়েই নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, পরবর্তীতে ২০২৬ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের রায়েও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

পাশাপাশি, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর প্রকাশিত নির্বাচন কমিশনের প্রেস নোট নম্বর ১২০-এর কথা স্মরণ করিয়ে দিয়ে কমিশন পরিষ্কার জানিয়েছে, এসআইআর প্রক্রিয়ার সময় ফর্ম ৬-এর সঙ্গে যে অতিরিক্ত ঘোষণাপত্রটি যুক্ত করা হয়েছে, তাকেও শীর্ষ আদালত স্বীকৃতি দিয়েছে। রাজনৈতিক তরজার আবহে কমিশনের এই কড়া ও তথ্যভিত্তিক ফ্যাক্ট চেক দেশের প্রশাসনিক মহলে বড়সড় আলোচনার জন্ম দিয়েছে।

Pratik Saha
  • Pratik Saha