‘স্ক্যামে পরিণত হয়েছিল রিয়েল এস্টেট!’-পুরনো সরকারকে নিশানা করে বড় দাবি রাজ্যের অর্থমন্ত্রীর

কলকাতার রিয়েল এস্টেট বা আবাসন ক্ষেত্র নিয়ে বিস্ফোরক মন্তব্য করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শুক্রবার কলকাতায় রিয়েলটরদের সংগঠন ‘ক্রেডাই’ (CREDAI)-এর আয়োজিত এক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিগত দিনের রিয়েল এস্টেট ব্যবসাকে সরাসরি ‘স্ক্যাম’ বা কেলেঙ্কারি বলে অভিহিত করেছেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক যোগসূত্র থাকা কিছু প্রভাবশালী ‘হাঙরদের’ হাতে তুলে দেওয়া হয়েছিল এই ব্যবসা, যাঁরা সাধারণ মানুষকে প্রতারণা করে বিপুল অর্থ কামিয়েছেন।

সংগঠিত রিয়েল এস্টেট গড়ার আহ্বান

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী রাজ্যের সংগঠিত রিয়েল এস্টেট সংস্থাগুলিকে বড় মাপের প্রকল্প বা মেগা প্রজেক্ট গড়ে তোলার জোরালো আহ্বান জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “কলকাতায় রিয়েল এস্টেট ব্যবসা একটা স্ক্যামে পরিণত হয়েছিল। আমি ইচ্ছা করেই এই শব্দটি ব্যবহার করছি। কারণ রাজনৈতিক যোগাযোগ থাকা কিছু হাঙরের হাতে এই ব্যবসা চলে গিয়েছিল, যারা সাধারণ মানুষকে ঠকিয়ে বিপুল অর্থ উপার্জন করেছে।”

রাজ্য ও কলকাতায় সংগঠিত রিয়েল এস্টেট ক্ষেত্রকে আরও শক্তিশালী করার পক্ষে সওয়াল করে তিনি বলেন, এর ফলে এই ব্যবসায় শৃঙ্খলা এবং কড়া নিয়ন্ত্রণ আসবে। উপস্থিত বড় ডেভেলপারদের উদ্দেশ্যে তিনি জানান, সরকার যে ধরনের মেগা প্রজেক্টের পরিকল্পনা করছে, তাতে বড় সংস্থাগুলি অংশ নিলে কলকাতার আবাসন ক্ষেত্রের চিত্রটাই বদলে যাবে। পাশাপাশি, রাজ্যে ‘রেরা’ (RERA)-কে আরও পূর্ণাঙ্গভাবে কার্যকর করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বিগত সরকারকে তীব্র নিশানা

এদিনের মঞ্চ থেকে বিগত সরকারগুলির কার্যকালকেও তীব্র আক্রমণ করেন অর্থমন্ত্রী। তাঁর মতে, দীর্ঘকাল ধরে কলকাতা কেবল নিজের সমৃদ্ধ অতীত নিয়ে গর্ব করে গেলেও সাম্প্রতিক বছরগুলির পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে পশ্চিমবঙ্গ দেশের প্রধান শিল্প মানচিত্র থেকে পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তবে বর্তমান সময়ে রাজ্য ফের ঘুরে দাঁড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছে বলে আশাবাদী অর্থমন্ত্রী।

কলকাতার পুনর্গঠনে এবং স্বচ্ছ রিয়েল এস্টেট বাজার তৈরিতে সংগঠিত ও নামী ডেভেলপারদের উপস্থিতি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা এদিন স্পষ্ট করে দেন স্বপন দাশগুপ্ত।