Recipe: বাড়িতে বানিয়ে ফেলুন আলু কাবলি মাখা, মনে পড়ে যাবে স্কুলের কথা

আলু কাবলির কথা উঠলেই মন কেমন করে ওঠে সেই সোনালী দিনগুলোর কথা। পকেটে মাত্র পাঁচ টাকার একটা কয়েন থাকলেই নিজেকে বড়লোক মনে হতো। স্কুলের টিফিন টাইমে লোহার গেটের বাইরে হাত বাড়িয়ে ২ টাকায় আলু কাবলি, চুড়মুড়, আচার কিম্বা চানাচুর খাওয়ার সেই আনন্দই ছিল আলাদা। শালপাতার বাটিতে আলুসেদ্ধ, শসা, পেঁয়াজ কুচি, ভেজানো ছোলা আর তেঁতুলজলে মাখা সেই আলুকাবলির স্বাদ আজও যেন জিভে লেগে রয়েছে। আজকের আধুনিক পিৎজা বা বার্গারের ঝাঁ চকচকে স্বাদও ওই রাস্তার ধারের আলু কাবলির কাছে ফিকে। শৈশবের সেই নস্ট্যালজিয়া ও পুরনো দিনের স্বাদ ফিরিয়ে আনতে আজ রইল দারুণ মুচমুচে ও সুস্বাদু আলু কাবলির রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ:

  • টুকরো করে কাটা সেদ্ধ আলু

  • সেদ্ধ করে রাখা ছোলা ও মটর

  • শসা, পেঁয়াজ, টমেটো, আদা, ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচি

  • তেঁতুলের কাথ ও লেবুর রস

  • ঝুরিভাজা ও ভাজা বাদাম

  • বিশেষ ভাজা মশলা (গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা ধনে এবং গরম মশলা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া)

  • স্বাদমতো নুন

তৈরির সহজ পদ্ধতি:

প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ছোট টুকরো বা স্লাইস করে কেটে নিন। এরপর তাতে স্বাদমতো নুন ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একে একে সেদ্ধ ছোলা, মটর, শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, আদা, ধনেপাতা ও লঙ্কা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর তেঁতুলের কাথ ও ঘরে তৈরি সেই স্পেশাল ভাজা মশলা ছড়িয়ে দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে মেখে ফেলতে হবে। পরিবেশন করার আগে উপর থেকে ঝুরিভাজা, ভাজা বাদাম ও লেবুর রস ছড়িয়ে দিলেই তৈরি জিভে জল আনা সেই ট্রেডিশনাল আলু কাবলি। এটি যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যকর এবং পেট ভরানোর জন্য এককথায় অনবদ্য।