শুল্কের খাঁড়া থেকে বাঁচতেই মার্কিন মুলুকে মেগারূপ বিনিয়োগ ভারতীয় শিল্পপতির! ট্রাম্পের মুখে কোন জাদুকরী মন্ত্র?

মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতীয় শিল্পজগতের অন্যতম বৃহত্তম ও ঐতিহাসিক বিনিয়োগের ঘোষণা করল ভারতের অন্যতম শীর্ষসারির বহুজাতিক সংস্থা ‘এসার গ্রুপ’ (Essar Group)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক বিশেষ উচ্চপর্যায়ের বৈঠকে এই মেগা বিনিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। এই প্রকল্পের মোট অর্থমূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার, যার মধ্যে শুধু আইওয়া রাজ্যেই ১৫ বিলিয়ন ডলার ব্যয়ে একটি বিশাল ইস্পাত কারখানা গড়ে তোলা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুইয়া পরিবারের সদস্য ও কোম্পানির শীর্ষ কর্তারা।
হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই বিশাল প্রকল্পের ঘোষণা করে জানান, এসারের মার্কিন সহযোগী প্রতিষ্ঠান ‘মেসাবি মেটালিকস’ (Mesabi Metallics)-এর হাত ধরে আমেরিকার মাটিতে তৈরি হতে চলেছে দেশের ইতিহাসে সর্বকালের বৃহত্তম ইস্পাত কারখানা। ট্রাম্প দাবি করেন, এটি শুধু আমেরিকাতেই নয়, বরং গোটা বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক ইস্পাত উৎপাদন কেন্দ্র হতে চলেছে। মার্কিন মুলুকে ইস্পাত আমদানি হ্রাসের লক্ষ্যে গত বছর জারি হওয়া ৫০ শতাংশ চড়া শুল্কের প্রসঙ্গ টেনে ট্রাম্প রসাত্মক সুরে জানান, চড়া শুল্কের কোপ থেকে বাঁচতেই বিশ্বজুড়ে শিল্পপতিরা এখন আমেরিকায় এসে কারখানা গড়ছেন।
জানা গেছে, ২০৩০ সালের মধ্যে এই আধুনিক কারখানাটিতে পুরোদমে উৎপাদন শুরু হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। কারখানাটি সম্পূর্ণভাবে চালু হলে বার্ষিক প্রায় ১ কোটি টন ইস্পাত উৎপাদন করা সম্ভব হবে। মেসাবি মেটালিকসের চেয়ারম্যান রেভান্ত রুইয়া আমেরিকায় উৎপাদন ও শিল্পায়নকে পুনরুজ্জীবিত করার এই উদ্যোগে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই সুবৃহৎ ইস্পাত কারখানার জন্য প্রয়োজনীয় কাঁচামাল অর্থাৎ লৌহ আকরিক সরবরাহ করা হবে মিনেসোটা রাজ্যে কোম্পানির নিজস্ব কার্যক্রম ও খনি থেকে। এর আগে ওই অঞ্চলে আকরিক সরবরাহ ও খনি উন্নয়নের জন্য প্রায় ২.৫ বিলিয়ন ডলার বা প্রায় ২১ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে এসার।
এদিকে, এই বহুমুখী মেগা প্রকল্পে শুধু উৎপাদনই বাড়বে না, বরং আইওয়া রাজ্যে প্রায় ১,৭৫০টি নতুন স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ১৯৬৯ সালে দুই ভাই শশী রুইয়া ও রবি রুইয়া কর্তৃক প্রতিষ্ঠিত এসার গ্রুপ বর্তমানে জ্বালানি, খনি, প্রযুক্তি ও খুচরা ব্যবসা সহ বহু ক্ষেত্রে নিজেদের বৈশ্বিক সাম্রাজ্য বিস্তার করেছে। আমেরিকা ছাড়াও সৌদি আরবে একটি কার্বন-সাশ্রয়ী ইস্পাত প্ল্যান্ট গড়ার পরিকল্পনা রয়েছে এই গোষ্ঠীর। ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসের এই হাই-প্রোফাইল ঘোষণায় উপস্থিত ছিলেন আমেরিকার শক্তি ও জ্বালানি সচিব ক্রিস রাইট, বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক সহ প্রশাসনের শীর্ষস্থানীয় নীতিপ্রণেতারা।