সিনেমা হলে ঝড়ের পর এবার ছোট পর্দায় রণবীরের ‘ধুরন্ধর’! টেলিকমিউনিকেশনের আগে কেন চলল সেন্সরের কাঁচি?

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ এবং এর সিক্যুয়েল ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ বক্স অফিসে রীতিমতো তান্ডব চালিয়ে একাধিক নতুন রেকর্ড গড়েছে। বড় পর্দায় দারুণ সাফল্যের পর এবার সিনেমাটি ছোট পর্দায় সম্প্রচারের প্রস্তুতি চলছে। তবে টেলিভিশনে প্রিমিয়ার হওয়ার আগেই সামনে এসেছে এক বড় খবর। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সর বোর্ড (CBFC) এই ছবির বেশ কিছু দৃশ্যে কাঁচি চালিয়েছে। উল্লেখ্য, থিয়েটারে মুক্তির সময় সিনেমাটিকে ‘এ’ (A) সার্টিফিকেট দেওয়া হয়েছিল, কারণ এতে প্রচুর পরিমাণে মারকাট অ্যাকশন ও হিংসাত্মক দৃশ্য রয়েছে। এছাড়া সিনেমাটির মূল থিয়েট্রিক্যাল রানটাইম ছিল ৩ ঘণ্টা ৪৯ মিনিট, যা সাম্প্রতিককালের অন্যতম দীর্ঘ সিনেমাগুলির মধ্যে একটি।

সেন্সর বোর্ডের নিয়ম অনুযায়ী, ‘এ’ সার্টিফিকেটপ্রাপ্ত কোনো সিনেমা সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা যায় না। তাই নির্মাতারা এটিকে পরিবারসহ দেখার উপযোগী করে তোলার জন্য ‘ইউ/এ ১৬+’ (U/A 16+) ক্যাটেগরিতে ছাড়পত্র দেওয়ার জন্য বোর্ডের কাছে আবেদন করেন। ফলস্বরূপ, কম বয়সি দর্শকদের কথা মাথায় রেখে টেলিভিশন-বান্ধব সংস্করণ তৈরি করতে কিছু অবশ্যম্ভাবী পরিবর্তন আনতে হয়েছে। আগামী ১৮ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭টায় জনপ্রিয় চ্যানেল ‘স্টার গোল্ড’-এ এই ছবি সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। সিবিএফসি-এর নির্দেশ অনুযায়ী ২৪ সেপ্টেম্বর ছবিটিকে ‘ইউ/এ ১৬+’ সার্টিফিকেট দেওয়া হয়। বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন অনুযায়ী, নির্মাতাদের ছবিতে ৪৫ থেকে ৫০টি কাট বা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছিল, যার বেশিরভাগই ছিল অতিরিক্ত রক্তপাত ও হিংসাত্মক দৃশ্য কমানোর জন্য।

নির্মাতারা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই হিংসাত্মক দৃশ্যগুলি এমনভাবে এডিট করেছেন যাতে ছবির মূল আকর্ষণ ও গল্পের ধারাবাহিকতা বজায় থাকে। এই কাটছাঁটের ফলে নতুন ‘ইউ/এ ১৬+’ সংস্করণের রানটাইম দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ৩৯ মিনিট ৬ সেকেন্ড। অর্থাৎ মূল ছবি থেকে মাত্র ১০ মিনিট ছাঁটাই করা হয়েছে। এই ছোটখাটো পরিবর্তনের ফলে ছবির মূল রহস্য বা গল্পে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। দর্শকরা খুব শীঘ্রই পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে টিভিতে এই হাই-ভোল্টেজ অ্যাকশন ড্রামার জমজমাট আনন্দ উপভোগ করতে পারবেন। উল্লেখ্য, গত বছরের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর’ এবং চলতি বছরের ১৯ মার্চ মুক্তি পায় ‘ধুরন্ধর ২’। দুটি ছবি মিলিয়ে বিশ্বব্যাপী বক্স অফিসে ৩০০০ কোটি টাকারও বেশি ব্যবসা করেছে।