সেন্ট্রাল ফোর্স বা পুলিশের সামনেই টার্গেট কিলিং? বোলপুরের বুকে প্রকাশ্য রাস্তায় বিজেপি নেতাকে ঝাঁঝাললো দুষ্কৃতীরা

বীরভূমের বোলপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের ত্রিশূলাপট্টির মিলপট্টি এলাকায় সোমবার সকালে ঘটে গেল এক রোমহর্ষক হত্যাকাণ্ড। প্রকাশ্য দিবালোকে ও অত্যন্ত নির্জন রাস্তায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হলো বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লাকে। সপ্তাহের প্রথম কাজের দিনে এই চাঞ্চল্যকর শুটআউটের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খুনের খবর পেয়েই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। হামলাকারীদের ধরতে এবং ঘটনার নেপথ্যের প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার পরই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে অতর্কিতে হামলা চালায়। পর পর কয়েকটি গুলি চালানো হয় তাঁর ওপরে, যার ফলে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই বিজেপি নেতা। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ সূত্রে খবর, রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত কোনো আক্রোশ—সব দিক মাথায় রেখেই তদন্ত শুরু হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের জেরে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর প্রশ্ন তোলা হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।