হিসেব বলছে দিন প্রতি দেড়শো আক্রান্ত! পুজো কার্নিভালের আগেই ডেঙ্গি দমনে নবান্ন থেকে ১৬ দফতরের জন্য কড়া নির্দেশিকা

পুজোর ঠিক আগে বাংলার ডেঙ্গি পরিস্থিতি চরম উদ্বেগজনক হয়ে উঠেছে। গত দুই সপ্তাহে রাজ্যে নতুন করে আড়াই হাজারের বেশি মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। চলতি বছরে এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩২০ ছাড়িয়েছে। এর মধ্যে সবথেকে ভয়াবহ অবস্থা মুর্শিদাবাদের, যেখানে আক্রান্তের সংখ্যা প্রায় ২ হাজার ছুঁয়েছে। মুর্শিদাবাদের পাশাপাশি কলকাতা, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন গড়ে দেড় শতাধিক মানুষ নতুন করে সংক্রমিত হওয়ায় রাজ্যের হাসপাতালগুলিতে রোগীর চাপ লাগাতার বাড়ছে। রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, একযোগে দুটি বিপজ্জনক সেরোটাইপের দাপটেই সংক্রমণ এই মাত্রায় ছড়াচ্ছে।
পরিস্থিতির ভয়াবহতা বিচার করে আজ নবান্নে এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক ডেকেছে রাজ্য সরকার। মুখ্য সচিব মনোজ আগরওয়ালের পৌরোহিত্যে আয়োজিত এই বৈঠকে রাজ্যের ১৬টি গুরুত্বপূর্ণ দফতরের সচিবদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এছাড়া সমস্ত জেলার জেলাশাসক (DM), রাজ্য পুলিশের মহাপরিচালক (DG), কলকাতা ও বিধাননগরের পুলিশ কমিশনার এবং বিধাননগর, আসানসোল ও শিলিগুড়ি পুরসভার কমিশনারদের ভার্চুয়ালি ও সরাসরি বৈঠকে অংশ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। ডেঙ্গি মোকাবিলা ও চিকিৎসা পরিকাঠামো মজবুত করতে রাজ্য সরকারের তরফে সরকারি হাসপাতালগুলোর জন্য ইতিমধ্যেই অতিরিক্ত ১ কোটি ২৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। পুজোর আনন্দ যাতে ডেঙ্গির কালো ছায়ায় ম্লান না হয়, তার জন্য ব্লাড ব্যাংকগুলোর পর্যাপ্ত রক্ত মজুত রাখা এবং পরিচ্ছন্নতা অভিযানের ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।