‘চার দিন বাড়ি থেকে বের হতে পারিনি!’ অন্তরঙ্গ দৃশ্য লিক নিয়ে বিস্ফোরক রাধিকা

পর্দায় ঘনিষ্ঠ দৃশ্য বা রোমান্টিক সিক্যুয়েন্স শুট করা কি আজকের দিনেও অভিনেতা-অভিনেত্রীদের জন্য এক বড় ঝুঁকি? অতীতে রাধিকা আপ্তের একটি ছবির অন্তরঙ্গ ক্লিপ লিক হয়ে যাওয়ার পর যে ঝড় বয়ে গিয়েছিল, তা নিয়ে চর্চা কম হয়নি। সম্প্রতি সেই পুরনো প্রসঙ্গ এবং বর্তমান পরিস্থিতির বাস্তব দিকগুলি নিয়ে খোলামেলা আলোচনা করলেন রাধিকা মদন এবং বিজয় ভার্মা।
সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’ ছবির প্রচারের মঞ্চে উঠে আসে পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যের গোপনীয়তা ও তা লিক হয়ে যাওয়ার বিপদের বিষয়টি। এই প্রসঙ্গে রাধিকা মদন সাফ জানান, এই ধরনের বিষয়গুলি শিল্পীদের নিয়ন্ত্রণের বাইরে থাকে। তাই তা নিয়ে অতিরিক্ত ভেবে সময় নষ্ট না করে নিজের কাজে মনোযোগ দেওয়াই শ্রেয়। তাঁর মতে, নিজের কাজের সততা ও উদ্দেশ্য সম্পর্কে শিল্পী নিজে জানলেই যথেষ্ট। পাশাপাশি তিনি এও স্বীকার করেন যে, অন্তরঙ্গ দৃশ্যের শ্যুট করার সময় থেকেই এই ধরনের ভিডিও ফাঁস বা ভাইরাল হওয়ার ঝুঁকি মাথায় রেখেই এগোতে হয়। কারণ সবার বাড়িতে গিয়ে মানসিকতা পরিবর্তন করা সম্ভব নয়।
অন্যদিকে, অভিনেতা বিজয় ভার্মার মতে, এই ধরনের পরিস্থিতির মুখোমুখি কেবল অভিনেত্রীরাই নন, সমপরিমাণে পুরুষ অভিনেতাদেরও হতে হয়। অতীতে ব্যক্তিগত পরিসরে বা পর্দায় ঘনিষ্ঠ মুহূর্তের ক্লিপ প্রকাশ্যে আসার পর কীভাবে তার প্রভাব পড়ে, সে কথাই উঠে এসেছে তারকাদের বক্তব্যে।
উল্লেখ্য, কিছুদিন আগে রাধিকা আপ্তে তাঁর অতীতের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছিলেন যে, একটি ছবির দৃশ্য লিক হওয়ার পর তিনি টানা চার দিন বাড়ি থেকে বের হতে পারেননি। পারিপার্শ্বিক মানুষের মন্তব্য এবং কটাক্ষের মুখোমুখি হওয়া কতটা জটিল হতে পারে, তা তিনি অকপটে তুলে ধরেছিলেন। তারকাদের এই মন্তব্য ঘিরে এখন বিনোদন দুনিয়ায় নতুন করে শুরু হয়েছে জল্পনা।